জর্জ ওয়াশিংটনের জরিমানা
মিথ্যা কথা না বলার জন্য যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বিশ্বজুড়ে খ্যাতি ছিল। কিন্তু তিনি যে একেবারেই কোনো ভুল করেননি, তা নয়। একটু-আধটু ভুল তিনিও করেছেন। করবেনই বা না কেন, কারণ তিনিও তো একজন রক্তমাংসের মানুষ। আর মানুষ মাত্রই ‘ভুল’ হয়। নিউইয়র্কের শত বছরের পুরোনো একটি গ্রন্থাগার আবিষ্কার করেছে, জর্জ ওয়াশিংটন এই গ্রন্থাগার থেকে দুটি বই নিয়ে আর ফেরত দেননি। ফেরত তো দেননি, আবার এর জন্য কোনো জরিমানাও দেননি তিনি। ম্যানহাটনে অবস্থিত ‘নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি’ নামের ওই গ্রন্থাগার কর্তৃপক্ষ দাবি করেছে, দুটি বই বাবদ জর্জ ওয়াশিংটনের তিন লাখ ডলার জরিমানা হয়েছে।জর্জ ওয়াশিংটন ১৭৮৯ সালে নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি থেকে দুটি বই নিয়েছিলেন। কিন্তু এ বই দুটি তিনি আর কখনোই ফেরত দেননি। বই ফেরত দিতে ২২০ বছর দেরি করায় এখন পর্যন্ত তাঁর জরিমানা হয়েছে তিন লাখ মার্কিন ডলার বা এক লাখ ৯৫ হাজার পাউন্ড।ম্যানহাটনের ওই গ্রন্থাগার কর্তৃপক্ষ জর্জ ওয়াশিংটনের জরিমানার হিসাব নিখুঁতভাবে বের করেছে ঠিকই, কিন্তু তারা এ জরিমানা নিচ্ছে না। তারা বলেছে, বই দুটি ফেরত দিলেই চলবে। জরিমানা দিতে হবে না।১৭৮০/৯০-এর দশকে ম্যানহাটনে এই একটি মাত্র গ্রন্থাগারই ছিল। ১৭৮৯ সালের ৫ অক্টোবর নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি থেকে ওয়াশিংটন বই দুটি নিয়েছিলেন। বই দুটি হলো ল অব ন্যাশন্স এবং ব্রিটিশ হাউস অব কমন্সের প্রতিলিপির একটি খণ্ড।কর্মকর্তারা জানান, বিশাল খণ্ডের এ বই দুটি নেওয়ার পর খতিয়ান বইয়ে স্বাক্ষরের জন্য ওয়াশিংটন একটিবারের জন্যও গ্রন্থাগারে আসেননি। তাঁর একজন সহযোগী এসে বই দুটি নেন। প্রেসিডেন্টের পক্ষে বই দুটি নেওয়ার সময় তিনি খতিয়ান বইয়ের নাম নিবন্ধনকৃত অংশে হিজিবিজি করে ‘প্রেসিডেন্ট’ শব্দটি লিখে যান। বই দুটি এক মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু ২২০ বছর পার হয়ে গেলেও আজ অবধি ফেরত দেওয়া হয়নি। এই দীর্ঘ সময়েও বই ফেরত না দেওয়ায় স্বাভাবিক নিয়মে বই উত্তোলকের নামে বড় অঙ্কের জরিমানা হয়েছে।সম্প্রতি নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরির পুরোনো সব খতিয়ান বই ডিজিটালাইজড করতে গিয়ে জর্জ ওয়াশিংটনের বই নিয়ে আর ফেরত না দেওয়ার বিষয়টি নজরে আসে। সূত্র: বিবিসি।