জর্জ ডব্লিউ বুশকে গ্রেপ্তার করবে না জাম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দী নির্যাতনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে গ্রেপ্তার করবে না জাম্বিয়া। জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী চিসিম্বা কাম্বউইলি গতকাল শনিবার এ কথা বলেন। এর আগে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইথিওপিয়া, তাঞ্জানিয়া ও জাম্বিয়াতে বুশের পাঁচ দিনের সফরকালে দেশগুলোর প্রতি জর্জ বুশকে গ্রেপ্তারের আহ্বান জানায়।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ ক্যানসার, এইডস ও ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করতে আফ্রিকার ওই তিনটি দেশ সফর করছেন। পাঁচ দিনের এ সফরে গত বৃহস্পতিবার তিনি তাঞ্জানিয়া পৌঁছেছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে তাঁর জাম্বিয়া যাওয়ার কথা রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বানের পরিপ্রেক্ষিতে জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী চিসিম্বা এএফপিকে বলেন, ‘কিসের ভিত্তিতে সংস্থাটি বুশকে গ্রেপ্তার করতে বলছে আমাদের? বরং তাদেরই কাজটি করতে বলুন। অনুগ্রহ করে লন্ডনভিত্তিক এ সংস্থাটি যেন নিজের দেশেই বুশকে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করে এবং তাঁর সফরের অপেক্ষা করে। তারপর তিনি দেশটিতে গেলেই তাঁকে যেন গ্রেপ্তার করে। জাম্বিয়াকে দিয়ে সংস্থাটি যেন নিজের বাসনা পূরণ না করতে আসে।’ চিসিম্বা আরও বলেন, যদি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বা জাতিসংঘের মতো কোনো আন্তর্জাতিক সংস্থা অনুরোধ করে বলে, তাহলেই শুধু জাম্বিয়া এ পদক্ষেপ নেবে। উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত অক্টোবরে কানাডার প্রতিও একই ধরনের আহ্বান জানিয়েছিল। অর্থনৈতিক এক সম্মেলনে যোগ দিতে ওই সময়ে বুশ কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া সফর করছিলেন। এএফপি।