সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ককেশাস অঞ্চলের পাশ্চাত্য-সমর্থিত এই দেশটিতে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
এই নির্বাচনের মাধ্যমে জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মার্কিন মিত্র মিখাইল সাকাশভিলির উত্তরসূরি বেছে নেবে জর্জিয়ার মানুষ। মনে করা হচ্ছে, সাকাশভিলির প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বিদজিনা ইভানিশিভিলির এক মিত্র নির্বাচনে জিততে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ইভানিশিভিলি ভোটের পরপরই পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মতামত জরিপগুলো বলছে, বিদজিনা ইভানিশিভিলির জর্জিয়ান ড্রিম জোটের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী গিওর্গি মার্গভেলাশিভিলি (৪০) জয়ী হতে যাচ্ছেন। তাঁর বিপরীতে প্রেসিডেন্ট সাকাশভিলির ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের (ইউএনএম) প্রার্থী হচ্ছেন সাবেক পার্লামেন্ট স্পিকার ডেভিড বাক্রাদজে। এই দুজনসহ মোট ২৩ জন প্রার্থী জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জর্জিয়ার নিয়মানুসারে, নির্বাচনে জয়ী হতে কোনো প্রার্থীকে মোট ভোটের কমপক্ষে ৫০ শতাংশ পেতে হবে। জর্জিয়ান ড্রিম জোটের প্রার্থী মার্গভেলাশিভিলি দাবি করেছেন, তিনি ৫০ শতাংশ ভোট পাচ্ছেন, এটা নিশ্চিত। তা না হয়ে ভোট যদি দ্বিতীয় দফায় গড়ায়, তবে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
তবে প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী সাবেক পার্লামেন্ট স্পিকার নিনো বুরজানাদজের অবস্থান বেশ শক্তিশালী। এ ছাড়া মতামত জরিপ অনুযায়ী, ভাসমান ভোটারের হার ২০ শতাংশ। তাই নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট সাকাশভিলির অধীনে জর্জিয়া ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার ওপর জোর দেয়। এসব পদক্ষেপ এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট প্রার্থী মার্গভেলাশিভিলি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে আস্থা রাখছেন জর্জিয়ার ভোটারদের অনেকে। এএফপি।