জর্ডানে সংবিধান সংস্কার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানের বাদশা আবদুল্লাহ পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সংবিধান সংস্কারের দাবিতে, গতকাল শুক্রবার বিরোধী মুসলিম ব্রাদারহুড এই বিক্ষোভের ডাক দেয়। আয়োজকদের দাবি, জুমার নামাজের পর আম্মানের কেন্দ্রস্থলে সবচেয়ে বড় বিক্ষোভ-সমাবেশ হয়েছে। আম্মানের উপকণ্ঠে আল-হোসনি মসজিদের সামনে বিক্ষোভ হয়। ‘আমরা সংবিধানের সংশোধন চাই। সরকারের সংস্কার চায় জনগণ’—এই বলে স্লোগান দেয় বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষ।বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: গণতান্ত্রিক নির্বাচনী আইন প্রণয়ন, সংবিধান সংস্কার, সংসদীয় সরকার, স্বাধীন বিচারব্যবস্থা, সংসদীয় আদালত, দুর্নীতিবিরোধী কার্যকর প্রচেষ্টা, রাজনৈতিক জীবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা ইত্যাদি।বাদশার প্রাসাদ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বাদশা পার্লামেন্ট ভেঙে দেন। তিনি আগাম নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন। তবে নির্বাচনের তারিখ এখনো ঠিক করা হয়নি। চলতি বছরের শেষের দিকে ভোট হতে পারে। তবে বিরোধীরা বলছে, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। এএফপি।