জর্ডানে সাংবিধানিক আদালত চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানে সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়নের অংশ হিসেবে একটি সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এ ব্যাপারে গতকাল রোববার একটি অধ্যাদেশ জারি করেন।অধ্যাদেশে বলা হয়, জর্ডানে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত এই আদালত একমাত্র স্বীকৃত কর্তৃপক্ষ হিসেবে সংবিধানসম্মত বিভিন্ন আইনের কার্যকারিতা যাচাই করে দেখবে। নয় সদস্যের এই আদালতের নেতৃত্ব দেবেন আইনবিশেষজ্ঞ তাহের হেকমত। আদালতের সব সদস্য গত শনিবার শপথ নিয়েছেন। বাদশাহ আবদুল্লাহ ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নবগঠিত ওই আদালতের সদস্যদের প্রতি লেখা এক চিঠিতে লিখেছেন, ক্ষমতার পৃথক্করণ এবং নাগরিকদের অধিকার ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ নিশ্চয়তা হিসেবে নতুন প্রতিষ্ঠানটি কাজ করবে।তাহের হেকমত বলেন, জর্ডানের উল্লেখসংখ্যক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।সাংবিধানিক আদালত প্রতিষ্ঠার জন্য জর্ডানের সরকারবিরোধী ইসলামপন্থীরা দাবি জানিয়ে আসছিলেন। বাদশাহ গত বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন এবং সাংবিধানিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তবে মুসলিম ব্রাদারহুডসহ সরকারবিরোধীরা এতে সন্তুষ্ট নয়। তারা দেশটিতে সংসদীয় গণতন্ত্র ও প্রধানমন্ত্রীর শাসন প্রতিষ্ঠাসহ আরও বিভিন্ন সংস্কার বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার বিক্ষোভ করে।জর্ডানে রাজনৈতিক সংস্কারের দাবিতে গত বছরের জানুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়। এএফপি।