জলপ্রপাতে ঝাঁপ দেওয়াই যাঁর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ তাঁর একটাই—জলপ্রপাতে ঝাঁপ দেওয়া। জলপ্রপাতের মাথা থেকে খরস্রোতা নদীতে লাফিয়ে পড়েন তিনি। লাফ দেওয়ার স্থান থেকে নদী প্রায় ৭৫ ফুট নিচে। চীনের দি হুয়ানরানের কাছে কাজটি যেন ছেলেখেলা। হেইলংজিয়াংয়ের নিনগান জেলায় অবস্থিত জিংপো লেক পার্কে নিয়মিত এভাবে ঝাঁপ (ডাইভ) দিয়ে দর্শকদের আনন্দ দেন তিনি। এতে নিজেও খুব আনন্দ পান। বিনিময়ে কিছু অর্থ আসে হাতে, যা দিয়ে সংসার চলে তাঁর।৫১ বছর বয়সী দি একসময় গাড়িচালক ছিলেন। এখন জলপ্রপাতে ঝাঁপ দেওয়া ছাড়া অন্য কাজ করেন না। বছরে শতাধিকবার ঝাঁপ দিতে হয় তাঁকে। দিন দিন বাড়ছে এই সংখ্যা। ঝানু ডাইভার হিসেবে এরই মধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই করে নিয়েছেন।চীনের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় যখন হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে, দি তখন ওই এলাকায় গিয়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে ব্যস্ত। এ ব্যাপারে দি বলেন, ‘এই এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সবকিছু বদলে গেছে। এখানে থইথই পানি যেমন আছে, তেমনি আছে প্রবল স্রোত। কাজেই এখানে নতুন কোনো রেকর্ড গড়ার সুযোগ থাকতে পারে।’ তিনি বলেন, ‘উঁচু পাহাড় ও জলপ্রপাতের মাথা থেকে লাফিয়ে পড়া দারুণ এক অনুভূতির ব্যাপার! আমি এ পর্যন্ত কয়েক হাজার বার পানিতে ঝাঁপ দিয়েছি, কিন্তু প্রথমবার ঝাঁপ দেওয়ার সেই অনুভূতি এখনো ভুলতে পারিনি।’ অরেঞ্জ অনলাইন।