জলবায়ু তহবিল থেকে বঞ্চিত গরিব দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন খাতে গত এক দশকে উন্নয়নশীল দেশগুলো যে অর্থ বরাদ্দ পেয়েছে, এর অর্ধেকই গেছে মাত্র ১০টি দেশে। অন্যদিকে গরিব ও জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো পেয়েছে সবচেয়ে কম। পেরুর লিমায় চলা জলবায়ু সম্মেলনে গত রোববার এ হিসাব দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই)। খবর এএফপির।
ওডিআইয়ের গবেষণায় বলা হয়, ২০০৩ সাল থেকে জলবায়ু খাতে ১৩৫টি দেশে ৮০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ হয়েছে। এর মধ্যে মরক্কো, মেক্সিকো ও ব্রাজিল প্রত্যেকে ৫০ কোটি ডলার করে পেয়েছে। এই তিনটি দেশই বিশ্বের প্রথম ১০ কার্বন নিঃসরণকারী দেশের মধ্যে আছে। এসব দেশে নবায়নযোগ্য জ্বালানিরও প্রচুর সম্ভাবনা আছে। অথচ কম কার্বন নিঃসরণকারী, আবার জলবায়ু পরিবর্তনের প্রচণ্ড প্রভাব পড়বে—এমন দেশগুলো পেয়েছে অনেক কম।
ওডিআইয়ের বিবৃতিতে বলা হয়, সংঘাতে বিপর্যস্ত এবং ভঙ্গুর বলে পরিচিত দেশ আইভরি কোস্ট, দক্ষিণ সুদান যথাক্রমে পেয়েছে সাড়ে তিন লাখ ও সাত লাখ ডলার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে আছে—মধ্য আয়ের এমন কয়েকটি দেশ যেমন নামিবিয়া, এল সালভাদর ও গুয়াতেমালা ৫০ লাখ ডলারের কম অর্থ পেয়েছে। এসব দেশেও নবায়নযোগ্য জ্বালানির যথেষ্ট সম্ভাবনা আছে।
জলবায়ু খাতে এসব সহায়তা গেছে কার্বন নিঃসরণকারী ধনী দেশগুলো থেকে। গরিব দেশগুলো যাতে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, সে জন্যই এসব সহায়তা দেওয়া হয়।
ওডিআইয়ের প্রতিবেদনে বলা হয়, অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়ার খাতে বৈশ্বিক বরাদ্দ বেড়েই চলেছে। ২০০৩ সালে এর পরিমাণ ছিল ৩৮ লাখ ডলার। আর এ বছর এর পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি ডলার। তবে ওডিআইয়ের কথা, ‘এই বরাদ্দও পর্যাপ্ত নয়। তবে এ খাতে বরাদ্দের ধরন ইতিবাচক।’
প্রতিবেদনে বলা হয়, দরিদ্র দেশগুলোর মধ্যে নাইজার, বাংলাদেশ, নেপাল গত এক দশকে মাত্র ৪০ কোটি ডলার বরাদ্দ পেয়েছে। অথচ এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। আর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলো অভিযোজন খাতে বরাদ্দের মাত্র সাত ভাগ পেয়েছে।
এই প্রতিবেদন তৈরি করেছেন স্মিতা নাখোদা। তিনি বলেন, ‘কার্যকর জলবায়ু অর্থায়ন দরিদ্র দেশগুলোর সমর্থন পেতে সহায়ক হবে। এসব দেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম ভূমিকা পালন করছে। অথচ তাদেরই ভোগান্তি বেশি।’
দুই কোটি হেক্টরে বনায়নের প্রতিশ্রুতি: পেরুর সম্মেলনে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ প্রতিশ্রুতি দিয়েছে, তারা ২০২০ সালের মধ্যে দুই কোটি হেক্টর এলাকায় বনায়ন করবে। বন ধ্বংস এবং ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন বেড়ে যাওয়া রোধ করতেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বনায়নের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘২০X২০’। এই প্রকল্পের জন্য ৩৬০ মিলিয়ন ডলার আসবে বেসরকারি খাত থেকে। চিলি, গুয়াতেমালা, কলম্বিয়া, ইকুয়েডর, মেক্সিকো, কোস্টারিকা ও পেরুতে এ প্রকল্প চালু হবে। জলবায়ু সম্মেলনের পাশাপাশি রোববার এসব দেশের কৃষি ও পরিবেশমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দূষণকারীর দায় বেশি: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করে, জলবায়ু পরিবর্তন রোধ কার্যক্রমে তাদের বড় ভূমিকা নেওয়া উচিত। দি অস্ট্রেলিয়ান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বিশপ বলেন, ‘বড় বড় দূষণকারী দেশ যদি তাদের দূষণের প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে, তবে দূষণ রোধে অন্য দেশগুলোর কার্যক্রম কোনো কাজে আসবে না। বড় দূষণকারী রাষ্ট্রকে দূষণ কমানোর দায়িত্ব নিতেই হবে। তাদের দায় বেশি।’
বিশপ কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে হওয়া জলবায়ু পরিবর্তনবিষয়ক সমঝোতা চুক্তিকে প্রত্যাখ্যান করেন। ওই চুক্তিতে মাত্রা নির্ধারণের জন্য মাথাপিছু হিসাব করার কথা বলা হয়।
অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র দুই কোটি ৩০ লাখ। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রাবল্যে দেশটির মাথাপিছু কার্বন নিঃসরণের মাত্রা ব্যাপক। তবে বৈশ্বিক দূষণে দেশটির অবদান মাত্র ১ দশমিক ৫ শতাংশ। আর এ কারণেই মাথাপিছু দূষণ হিসাব করার পক্ষপাতী নয় দেশটি।