জলবায়ু পরিবর্তনের কথা জাতিসংঘের ধোঁকাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের এক উপদেষ্টা মন্তব্য করেছেন, জলবায়ুর পরিবর্তনের কথা জাতিসংঘের ‘ধোঁকাবাজি’ ছাড়া কিছু নয়। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে জাতিসংঘের অধিকাংশ গবেষণা মডেলই ‘ত্রুটিপূর্ণ ও অযৌক্তিক’। খবর বিবিসির।
গতকাল শুক্রবার দি অস্ট্রেলিয়ান পত্রিকায় এক নিবন্ধে প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা মরিস নিউম্যান ওই মন্তব্য করেন। এতে তিনি বলেন, নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ব্যবহার করছে।
নিউম্যান তাঁর নিবন্ধে দাবি করেন, মানুষের কার্বন ডাই-অক্সাইড সৃষ্টি ও বৈশ্বিক উষ্ণতা ভয়াবহ মাত্রায় বৃদ্ধির সঙ্গে যোগসূত্র থাকার বিষয়ে শতকরা ৯৫ ভাগ জলবায়ু মডেলই ত্রুটিপূর্ণ।
তবে নিউম্যানের এই মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন জলবায়ুবিষয়ক বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার পরিবেশবিষয়কমন্ত্রী গ্রেগ হান্টও বলেছেন, তিনি এমনটি মনে করেন না। ওই মত নিউম্যানের ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর একটি। এসব গ্যাস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী, যা জলবায়ুর দ্রুত ও নেতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কিন্তু জলবায়ু পরিবর্তন বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার অনেক দিন ধরেই সন্দেহ প্রকাশ করে আসছে।
জাতিসংঘ বলে আসছে, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের পেছনে মানুষের কর্মকাণ্ড বড় ধরনের ভূমিকা রাখছে। এ বিষয়ে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ আছে।