জলবায়ু পরিবর্তন নিয়ে সন্দেহবাদীরা 'মূর্খ': পোপ

বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহ পোষণকারীদের ‘মূর্খ’ আখ্যায়িত করে তাঁদের সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সম্প্রতি ঘূর্ণিঝড় ইরমার আঘাতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার এ সমালোচনা করেন তিনি।
কলম্বিয়ায় পাঁচ দিনের সফরের শেষ ভাগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে পোপ বলেন, ‘যাঁরা এটি (জলবায়ু পরিবর্তন) অস্বীকার করেন, তাঁদের উচিত বিজ্ঞানীদের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করা। এ বিষয়ে খুব স্পষ্ট ও খুব সুনির্দিষ্ট জবাব দিতে পারবেন তাঁরা।’
পোপ ফ্রান্সিস বলেন, বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী কাজ করার বিষয়ে সাধারণ জনগণ ও রাজনীতিবিদদের ‘নৈতিক দায়বদ্ধতা’ রয়েছে। বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে কী করতে হবে তা বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন।