জলবায়ু পরিবর্তনের পরিণতি ‘অপ্রতিরোধ্য’ হয়ে উঠছে বলে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেলের এক প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণের উচ্চমাত্রা চলতি শতাব্দীতে সংঘাত, ক্ষুধা, বন্যা ও গণহারে অভিবাসনের মতো ঝুঁকিগুলো আরও তীব্র করবে।
বিশেষজ্ঞ প্যানেল গতকাল সোমবার জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের বিষয়টি লাগামছাড়া থাকলে তা বিশ্বের সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য হাজার হাজার কোটি ডলারের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকারীয় প্যানেলের (আইপিসিসি) প্রতিবেদনটি তাদের পঞ্চম মূল্যায়নের দ্বিতীয় অধ্যায়। জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন দেশের সরকারকে বিজ্ঞানভিত্তিক নির্দেশনা দিতে ১৯৮৮ সালে গঠন করা হয় এই প্যানেল। প্যানেলের সর্বশেষ পর্যবেক্ষণটি প্রকাশিত হয় ২০০৭ সালে।
জাপানের ইকোহামা শহরে আইপিসিসির পাঁচ দিনের বৈঠক শেষে প্রকাশ করা নতুন প্রতিবেদনে কড়া সতর্কবাণী উচ্চারণ করা হয়। এতে জলবায়ু পরিবর্তনের ফলে আঞ্চলিক পর্যায়ে নানা প্রভাবের বিষয়ে বিশদ তথ্য-উপাত্ত হাজির করা হয়েছে। প্রতিবেদনে আইপিসিসির চলতি শতকে বৈশ্বিক তাপমাত্রা ০ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২১০০ সালের মধ্যে ২৬ থেকে ৮২ সেন্টিমিটার (১০-১২ ইঞ্চি) বাড়তে পারে।
ইকোহামা সম্মেলনের সহসভাপতি ক্রিস ফিল্ড বলেন, গ্রিন হাউস গ্যাসের অব্যাহত নিঃসরণের ফলে উষ্ণতা যেভাবে বাড়ছে, তাতে এটি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এএফপি ও বিবিসি।