জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে একাধিক ধনী দেশ এগিয়ে আসার ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। দেশটির যুক্তি, ক্ষতিপূরণের ব্যয় হবে সীমাহীন। কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের অষ্টাদশ জলবায়ু সম্মেলনে চলমান আলোচনার শেষ পর্যায়ে পারস্পরিক লাভ-ক্ষতির হিসাব নিয়ে তুমুল বিতর্কের পর চূড়ান্ত সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা উদ্যোগের বিরোধিতা করে, তাহলে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো সম্মেলন ছেড়ে বেরিয়ে যাবে (ওয়াক-আউট) বলে হুমকি দেয়। জলবায়ু সম্মেলনে সমঝোতা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান সুস্পষ্ট নয়। তবে তারা সমঝোতার পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। পরিবেশদূষণের জন্য দায়ী অন্য শীর্ষ দেশগুলোর (যেমন কানাডা) সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্র এখন তৎপর হবে বলে ধারণা করা হচ্ছে। সমঝোতা উদ্যোগের একমাত্র বিরোধিতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উভয়সংকটে পড়বেন। হয় তাঁদের সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিয়ে জলবায়ু পরিবর্তনের নৈতিক দায়ভার নিতে হবে অথবা চুক্তি স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। আবার যুক্তরাষ্ট্র যদি চুক্তির বিরোধিতা করে, তাহলে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভণ্ডামি ও ব্যর্থতার অপবাদ মেনে নিতে হবে। কারণ, তিনি প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার পর জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ইতিবাচক ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অপরদিকে, দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্র সম্মত হলে ওবামাকে রিপাবলিকান পার্টির সমালোচনার মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এমনিতেই রিপাবলিকানদের সঙ্গে বিতর্ক করতে হচ্ছে।যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষক সালিম উল-হক বলেন, দায় এড়িয়ে যাওয়ার চেয়ে ক্ষতিপূরণ প্রদানে সম্মতিই ভালো। যুক্তরাষ্ট্রকে বিষয়টি উপলব্ধি করতে হবে। সামুদ্রিক ঝড় স্যান্ডিদুর্গতদের জন্য তো তারা ক্ষতিপূরণ দিচ্ছে। উন্নয়নশীল দেশগুলোকে তো ইতিমধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিজ উদ্যোগে মোকাবিলা করতে হয়েছে। এসব দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী।আর্থিক ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণের বিষয়টিই দোহা সম্মেলনের শেষ দিনে মূল আলোচ্য বিষয় ছিল। জলবায়ু পরিবর্তনের ফলে মূলত উন্নয়নশীল দেশগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোপেনহেগেনে অনুষ্ঠিত পঞ্চদশ জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো ১০ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ওই অর্থ দেওয়ার কথা ছিল।