জলবায়ু সম্মেলনে অচলাবস্থা নিরসনে কাতারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চদশ জলবায়ু সম্মেলনে চলমান অচলাবস্থা নিরসনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে স্বাগতিক দেশ কাতার। সম্মেলনের চেয়ারম্যান আবদুল্লাহ বিন হামাদ আল-আতিয়াহ্ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে গতকাল শনিবার এ আহ্বান জানান। দোহা সম্মেলনে দীর্ঘ আলোচনা ও বিতর্ক সত্ত্বেও সমঝোতার ব্যাপারে কোনো সুরাহার সম্ভাবনা দেখা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোতে আর্থিক সাহায্য দিতে যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো সম্মত হচ্ছে না। সম্মেলন গতকাল শেষ হওয়ার কথা থাকলেও সব পক্ষের সমঝোতা না হওয়ায় সময়সীমা বাড়ানো হয়। আবদুল্লাহ বিন হামাদ আল-আতিয়াহ বলেন, ‘সমঝোতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। এই সমঝোতার মধ্য দিয়ে পৃথিবীতে আমাদের অস্তিত্ব সুরক্ষিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও সুফল পাবে। আর কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের এ সম্মেলন শেষ করতে হবে।’বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে কিয়োটো প্রটোকলের সময়সীমা বৃদ্ধি এবং ২০২০ সালে নতুন একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনে আলোচনা হয়। কিন্তু দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ ও পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের জন্য আর্থিক সহায়তা দিতে ধনী দেশগুলোর অনীহার কারণে দোহা সম্মেলনে অচলাবস্থা দেখা দেয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হুমকির সম্মুখীন দরিদ্র দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য পশ্চিমা দেশগুলোর শিল্পায়ন বহুলাংশে দায়ী। তাই ওই ধনী দেশগুলোকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। এএফপি।