জলবায়ুদূষণের সিংহভাগ দায় মাত্র ৯০ কোম্পানির

শিল্পবিপ্লবের পর থেকে বিশ্বের দুই-তৃতীয়াংশ গ্রিনহাউস গ্যাস নির্গত করবার জন্য ৯০টি কোম্পানি দায়ী। এক নতুন গবেষণা বলছে, ১৭৫১ সাল থেকে আজ পর্যন্ত নিঃসরিত কার্বনের পরিমাণ এক হাজার ৪৫০ গিগাটন।
‘ক্লাইমেট চেঞ্জ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা যায়, বেসরকারি কোম্পানি শেভরন, অ্যাক্সন, বিপিসহ আরও বেশকিছু রাষ্ট্রীয় কোম্পানি এই কার্বন নিঃসরণের তালিকায় শীর্ষে রয়েছে। এই তালিকার অন্তর্ভুক্ত বেশির ভাগ কোম্পানি তেল, গ্যাস ও কয়লা উত্তোলনের সঙ্গে জড়িত।
যুক্তরাষ্ট্রের কলরাডোর ক্লাইমেট অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউটের রিচার্ড হিডের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এই গবেষণাকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অবহিত করেছেন। তিনি বলেন, জলবায়ু সংকট নিয়ে যে বিতর্ক চলছে, সেটিকে এ হিসাব নতুন করে উসকে দেবে।
আল গোর ‘দ্য গার্ডিয়ান’কে বলেন, ‘বিশ্বের উষ্ণতা বৃদ্ধি থামাতে সরকারি ও বেসরকারি খাতগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। ... যারা পরিবেশদূষণের জন্য ঐতিহাসিকভাবে দায়ী, এ সংকট থেকে উদ্ধারের পথ বের করার ক্ষেত্রে অবশ্যই তাদের দায় আছে।’
গবেষণায় আরও বলা হয়েছে, ১৭৫১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ৯০টি কোম্পানি ৬৩ শতাংশ কার্বন ও মিথেন নিঃসরণ করেছে। মোট নিঃসরণের অর্ধেক গ্যাস গত ২৫ বছরে নির্গত হয়েছে। তালিকার প্রথম ২০টি কোম্পানি ৩০ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণের জন্য দায়ী। এ কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগ প্রাকৃতিক সম্পদ উত্তোলনের এবং বাকিগুলো সিমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত।
কলরাডোর ক্লাইমেট অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউটের গবেষক রিচার্ড হিডের বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’ জানায়, পৃথিবীতে তেল, গ্যাস ও কয়লা উত্তোলনের জন্য অনেক কোম্পানি থাকলেও এগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী ও নিয়ন্ত্রণকারীর সংখ্যা অত্যন্ত সীমিত। রিচার্ড হিড আরও বলেন, ৪৩টি দেশে এসব কোম্পানির সদর দফতর আছে। তবে তারা ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। এদের উত্তোলন করা তেল, গ্যাস ও কয়লার ক্রেতা পৃথিবীর প্রায় সবকটি রাষ্ট্র।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেল আইপিসিসি গত সেপ্টেম্বরে জানায়, এভাবে আগামী ৩০ বছর কার্বন নিঃসরণ চলতে থাকলে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।