জলাশয়ের গোলাপি জল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় নোনা জলের লেক হিলিয়ারের গোলাপি জল। ছবি: টুইটার থেকে নেওয়া
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় নোনা জলের লেক হিলিয়ারের গোলাপি জল। ছবি: টুইটার থেকে নেওয়া

গভীর সমুদ্র, নদী কিংবা হ্রদের নীল জলের কথা নিশ্চয়ই সবার জানা। কখনো কখনো হ্রদের জল ঘোলা হতে পারে। কিন্তু তাই বলে টকটকে গোলাপি! অনেকের মনে হতে পারে, হ্রদের পানিতে রং ছিটিয়ে গোলাপি করা হতে পারে। তবে না, এটা একদম ভাবার কারণ নেই। প্রাকৃতিকভাবেই অস্ট্রেলিয়ার একটি হ্রদের পানি নীলের পরিবর্তে গোলাপি বর্ণ ধারণ করেছে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ওয়েস্টগেট পার্কের নোনা জলের হ্রদ লেক হিলিয়ারের পানি প্রাকৃতিকভাবে গোলাপি রং ধারণ করেছে। তবে গোলাপি জলের হ্রদ বিশ্বে এটাই একমাত্র নয়। প্রাকৃতিক কারণে অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া’স মারে-সানসেট ন্যাশনাল পার্ক, স্পেনের সালিনা দে তোরেভিয়েজা, কানাডার ডাস্টি রোজ লেক ও সেনেগালের লেক রেটবার হ্রদের জলও গোলাপি বর্ণের।

মেলবোর্নের একজন ওয়াইল্ডলাইফ কর্মকর্তা বলেন, সূর্যের আলো, উষ্ণ তাপমাত্রা ও স্বল্প বৃষ্টির কারণে ধীরে ধীরে লেক হিলিয়ারের জল গোলাপি বর্ণ ধারণ করেছে। এ ছাড়া এই হ্রদের লবণের উপরিভাগ থেকে নিচ পর্যন্ত গজানো ছোট ছোট জলজ উদ্ভিদের কারণেও এমনটি হতে পারে।

পার্কস ভিক্টোরিয়া কর্তৃপক্ষ বলেছে, ‘লেক হিলিয়ারের গোলাপি জলের সৌন্দর্য উপভোগ করুন। কিন্তু এই জলের একদম কাছে আসবেন না।’

পার্কস ভিক্টোরিয়ার প্রধান সংরক্ষণ বিজ্ঞানী মার্ক নরম্যান বলেন, ‘লেক হিলিয়ারের এই গোলাপি জল ক্ষতিকর নয়। এটা আসলে একধরনের জলজ উদ্ভিদের কোষ দুনালিয়েলার উপস্থিতির কারণে হয়েছে। আমাদের অনেকের ধারণা, কোনো শিল্প–কারখানায় দুর্ঘটনার কারণে গোলাপি রং এই পানিতে মেশায় এই বর্ণ ধারণ করেছে। কিন্তু আসলে তা নয়। এটা একদম প্রাকৃতিকভাবেই ঘটেছে।’

তবে এই গোলাপি জল ক্ষতিকর না হলেও এই জলে সাঁতার কাটতে নিষেধ করেছেন মার্ক নরম্যান। তিনি বলেন, এই হ্রদের নিচের পানি অতিরিক্ত নোনা ও কর্দমাক্ত।

পার্কস ভিক্টোরিয়া কর্তৃপক্ষ বলছে, তাঁরা আশাবাদী যে আবহাওয়া যখন আরও ঠান্ডা হয়ে আসবে এবং বৃষ্টিপাত বাড়বে, তখন হয়তো এই হ্রদের জল আবারও নীল জল হয়ে উঠবে।