জলে যাবে ৩৭০ কোটি টাকা?
কথায় আছে ‘কপালের লেখন, না যায় খণ্ডন।’ আপনার সামনে কাড়ি কাড়ি টাকা। সেসব টাকার মালিকও আপনি, অথচ হাত দিতে পারছেন না সেই টাকায়। আর কপালটাও কেমন দেখুন, লটারিতে প্রায় ৩৭০ কোটি টাকা জিতেও তা হারাতে বসেছেন ব্রিটিশ এক নারী। অবশ্য এখনই কপাল পুরোপুরি খারাপ বলা যাচ্ছে না ওই নারীর। কপাল খুলে গেলে হয়তো পেতেও পারে টাকাটা।
বিবিসি এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি জ্যাকপটে ৩৩ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৩৭০ কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছেন বলে দাবি করেছেন এক নারী। তবে নাম প্রকাশ না করা ওই নারী বলছেন জিনসের প্যান্টের পকেটে থাকায় কাপড়ের সঙ্গে ধোয়া হয়ে গেছে পুরস্কার পাওয়া সেই লটারির টিকিটটিও। ওই নারী ওরসেস্টারের একটি বার্তা সংস্থার কার্যালয়ে টিকিটটি নিয়ে যান। টিকিটটি প্রথম পুরস্কারের নম্বরটি পড়া গেলেও তারিখ এবং বারকোড পড়া যাচ্ছিল না।
তবে ন্যাশনাল লটারি কর্তৃপক্ষ বলছে, ‘যদি কেউ বিশ্বাস করে থাকে যে তিনি লটারির পুরস্কার জিতেছেন কিন্তু টিকিটটি হারিয়ে ফেলেছেন, অথবা কাপড়ের সঙ্গে ধোয়া হয়ে গেছে, অথবা চুরি হয়ে গেছে তবু তাঁদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। তবে এ জন্য ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে।’
৬৬ মিলিয়ন পাউন্ডের এই লটারির ড্র অনুষ্ঠিত হয় ৯ জানুয়ারি। লটারির পুরস্কার দুই ভাগে ভাগ করা হয়। ৩৩ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৩৭০ কোটি টাকা) একটি ভাগ এক দম্পতি ড্র অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে নিয়ে গেছেন।
নিউজ সংস্থাটির মালিক নাটু প্যাটেল বলেন, ওই নারীটি নিশ্চিত যে পুরস্কারটি তিনিই জিতেছেন। তবে নারী খুব ভীত ছিলেন। টিকিটটি খুব খারাপ অবস্থায় ছিল। টিকিটে শুধুমাত্র ২০১৬ দেখা যাচ্ছিল। কিন্তু সিরিয়াল নম্বর এবং বারকোড পুরোপুরি অস্পষ্ট ছিল।’ তিনি বলেন, আমরা টিকিটটি একটি কার্ডের সঙ্গে আটকিয়ে সেটিকে একটি ব্যাগে ভরে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।