জাঁকালো সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা নিয়েছে উ. কোরিয়া
উত্তর কোরিয়া বড় ধরনের জাঁকালো সামরিক কুচকাওয়াজ প্রদর্শনের পরিকল্পনা নিয়েছে। এতে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য ভারী অস্ত্র প্রদর্শন করা হবে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপে এ তথ্য জানানো হয়।এ বছরের প্রথম দিকে দেশটির গুরুত্বপূর্ণ কোনো বার্ষিকী উদ্যাপনে এ প্রদর্শনীটি হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, এই কুচকাওয়াজের লক্ষ্যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে মিরিম বিমানঘাঁটিতে কয়েক মাস ধরে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিপুলসংখ্যক সদস্য অনুশীলন করছেন। কিম জং-ইলের মৃত্যুর আগে থেকে এই অনুশীলন চলছে বলে তিনি জানান।গত ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল মারা যান। মৃত্যুর পর তাঁর ছোট ছেলে কিম জং-উনকে দেশটির নতুন নেতা ঘোষণা করা হয়।দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সূত্র ধারণা করছে, আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের শততম জন্মবার্ষিকী বা আগামী ২৫ এপ্রিল সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সামরিক কুচকাওয়াজটি হতে পারে। এএফপি।