জাওয়াহিরির হামলার নির্দেশের কারণেই যুক্তরাষ্ট্রের সতর্কতা

আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনটির ইয়েমেন শাখার প্রধানের কথোপকথন গোয়েন্দাদের নজরে আসার পরই দেশে দেশে মার্কিন কূটনৈতিক মিশন বন্ধ করা হয়। একই সঙ্গে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এ খবর দিয়েছে।
নিউইয়র্ক টাইমস-এর অনলাইন সংস্করণে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা গত সপ্তাহে যে ইলেকট্রনিক যোগাযোগ শনাক্ত করেন, তাতে জাওয়াহিরি ইয়েমেনভিত্তিক আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) প্রধান নাসের আল-ওয়াহেসিকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। খবরে বলা হয়, তিনি গত রোববার খুব সকালে হামলা চালাতে নির্দেশ দিয়েছিলেন।
এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, জাওয়াহিরি ওই কথোপকথনের সময় ওয়াহেসিকে বলেন, ‘বড় কিছু একটা করো’। এ কারণেই ওয়াশিংটন ও ইয়েমেনের কর্মকর্তারা আশঙ্কা করেন, একটা হামলা আসন্ন।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় ২১টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট গত রোববার বন্ধ রাখা হয়। এর মধ্যে ছয়টি পরের দিন খোলার নির্দেশ দেওয়া হলেও বাকি ১৫টি এবং আরও নতুন চারটি মিশন আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আফগানিস্তান ও পাকিস্তান আল-কায়েদার শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশে তারা দুর্বল হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের একিউএপিই হামলা চালানোর ক্ষেত্রে এখন সবচেয়ে সামর্থ্যবান বলে ভাবা হয়। ইয়েমেনভিত্তিক এই সংগঠনটি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালানোর চেষ্টা করেছে।
মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্তের কারণ সম্পর্কে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর উভয়ই শুধু বলেছে, হামলার হুমকি এসেছে একিউএপির কাছ থেকে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে তারা।
তবে নিউইয়র্ক টাইমস-এর ওই খবরে বলা হয়েছে, জাওয়াহিরি ও ওয়াহেসির মধ্যে যে কথোপকথন হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলার পরিকল্পনার ইঙ্গিত ছিল। পত্রিকাটি জানিয়েছে, তাঁদের কথোপকথনে হামলার সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুর কথা বলা হয়নি। তবে সম্ভাব্য একটি হামলা যে আসন্ন, সেটা তাঁদের কথোপকথনে বোঝা গিয়েছিল।
এদিকে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, জাওয়াহিরির হামলার পরিকল্পনা-সংবলিত বার্তাটি কয়েক সপ্তাহ আগে শনাক্ত করা হয়। হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইয়েমেন। তবে মার্কিন কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ সদস্য ডাচ রুপার্সবার্গার সোমবার সিএনএনকে বলেন, সম্ভাব্য ওই হামলা ‘যেকোনো জায়গায়’ চালানো হতে পারে। তিনি বলেন, হামলার বিষয়ে যে সতর্কতা জারি করা হয়েছে তা মার্কিন নাগরিকদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য নয়।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, তিনি ওই হুমকির বিষয়ে ‘সুনির্দিষ্ট’ কোনো তথ্য দিতে পারবেন না। কার্নি বলেন, ‘আমাদের কাছে থাকা বর্তমান তথ্যে ইঙ্গিত রয়েছে, আল-কায়েদা ও তার সহযোগীরা ওই অঞ্চলে বা তার বাইরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে। আমাদের কাছে তথ্য আছে, তারা এখন থেকে চলতি আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যে হামলা চালানোর দিকে নজর দিচ্ছে।’
২৫ সন্দেহভাজনের নাম প্রকাশ: এদিকে ইয়েমেনের কর্তৃপক্ষ সম্ভাব্য হামলাকারী হিসেবে আল-কায়েদার ২৫ জন সন্দেহভাজন সদস্যের নাম প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, তাঁরা ‘বিদেশি কার্যালয় ও সংস্থা এবং ইয়েমেনের বিভিন্ন স্থাপনায়’ হামলার পরিকল্পনা করছিলেন। ইয়েমেনের রাজধানী সানা ও দেশজুড়ে আরও কয়েকটি শহর তাঁদের হামলার পরিকল্পনার মধ্যে ছিল। এএফপি ও বিবিসি।