জাঞ্জিবারে ফেরিডুবিতে ১৬৩ জনের মৃত্যু
জাঞ্জিবার দ্বীপপুঞ্জে গতকাল শনিবার এক ফেরি ডুবে কমপক্ষে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি এখনো নিখোঁজ রয়েছেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী এবং মালবাহী যান বহনের কারণে ফেরিডুবি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্মকর্তারা জানান, এমভি স্পাইস আইল্যান্ডার নামের ওই ফেরিটি জিঞ্জিবারের উঙ্গুজা দ্বীপ থেকে পেম্বা দ্বীপে যাচ্ছিল। ফেরিতে কমবেশি ৬০০ জন ছিল। তাদের মধ্যে অনেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী জাঞ্জিবার সিটিতে যাচ্ছিল।জাঞ্জিবারের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আবৌদ বলেন, ১৬৩ জনের লাশ এবং ৩২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪০ জন গুরুতর আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। ফেরিডুবিতে বেঁচে যাওয়া যাত্রীরা অভিযোগ করেছেন, এটা কোনো দুর্ঘটনা ছিল না। নাবিকদের দোষেই এ ঘটনা ঘটেছে। বেঁচে যাওয়া যাত্রী ৫০ বছর বয়সী জায়েদ আমর বলেন, ‘অতিরিক্ত বোঝাইয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কায় আমরা ফেরির ক্যাপ্টেনকে সতর্ক করেছিলাম। কিন্তু তিনি যাত্রীদের জীবনের নিরাপত্তার কথা অগ্রাহ্য করেন।’চীনে ফেরিডুবিতে নিহত ১১: অন্যদিকে চীনের হুনান প্রদেশে ফেরিডুবিতে গতকাল শনিবার কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জনই স্কুলছাত্র। এএফপি