জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের শান্তি আলোচনা
মিয়ানমারের বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে দেশটির সরকার। গতকাল বুধবার থাইল্যান্ডে প্রথম দফার আলোচনা ‘খোলাখুলি ও শান্তিপূর্ণ’ভাবে অনুষ্ঠিত হয়েছে।মিয়ানমার সরকার সম্প্রতি দেশটির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের বিদ্রোহী গোষ্ঠীসহ জাতিগত বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে জাতিগোষ্ঠীগুলোর নেতাদের নিয়ে ইউনাইটেড ন্যাশনালিটিজ ফেডারেল কাউন্সিল গঠন করা হয়। গতকাল এই কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়বিষয়ক মন্ত্রী অং মিন। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মিয়ানমার সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক সংলাপের লক্ষ্যে খোলাখুলি ও শান্তিপূর্ণভাবে আলোচনা হয়েছে। দুই মাসের মধ্যে আবারও আলোচনায় বসার অঙ্গীকারের মধ্য দিয়ে এই বৈঠক শেষ হয়েছে।এর আগে চলতি মাসের শুরুর দিকে কাচিন বিদ্রোহীদের সংগঠন কাচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশনের (কেআইও) সঙ্গে চীনে পৃথকভাবে বৈঠক করে মিয়ানমার সরকার। কাচিন বিদ্রোহীরা আরও বেশি স্বায়ত্ত-শাসনের দাবিতে লড়াই করছে। ২০১১ সালের জুনের পর কাচিনের হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। কেআইওর সশস্ত্র শাখা কাচিন ইনডিপেনডেন্স আর্মি ১৭ বছরের যুদ্ধবিরতি ভেঙে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করলে এসব মানুষ বাস্তুচ্যুত হয়। গত মাসে অবশ্য মিয়ানমার সেনাবাহিনী একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। এএফপি।