জাতিগত সংঘাত বন্ধ এবং গণতান্ত্রিক সংস্কার-প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য গতকাল মঙ্গলবার মিয়ানমারের নেতাদের চাপে রাখতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দীর্ঘ কয়েক দশকের বৈরিতামূলক সম্পর্কের পর গত সোমবার মিয়ানমারে ঐতিহাসিক সফরে যান ওবামা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মার্কিন শাখার নির্বাহী পরিচালক সুজানা নোসেল জানান, প্রেসিডেন্ট ওবামা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এটাও জানিয়ে দিয়েছেন, মানবাধিকার পরিস্থিতির বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তিনি যথার্থভাবে উল্লেখ করেন, দেশটিতে যতটুকু অগ্রগতি হয়েছে, তা পরীক্ষামূলক হিসেবেই নেওয়া হচ্ছে।সুজানা নোসেল আরও জানান, তাদের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। অবশ্যই ওবামার এই সফরের ভিন্ন অনেক গুরুত্ব আছে।মিয়ানমারের ছয় দশকের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট মিয়ানমার সফর করলেন। তিনি দেশটির প্রেসিডেন্ট সাবেক জেনারেল থেইন সেইনের সঙ্গে বৈঠক করে কয়েক দশকের সামরিক শাসন থেকে গণতান্ত্রিক উত্তরণের গতি আরও বাড়ানোর আহ্বান জানান।ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় ওবামা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের পথ চলা সবে শুরু এবং এখনো অনেক পথ যেতে হবে। অগ্রগতির যে আলো টিম টিম করে জ্বলছে, তা যেন নিভে না যায়। এই আলো আরও উজ্জ্বল হতে হবে।’এ ছাড়া মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে চলমান জাতিগত সংঘাত বন্ধ করার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘নিরীহ মানুষকে নির্যাতনের পেছনে কোনো অজুহাত দাঁড় করানো চলে না।’সুজানা নোসেল বলেন, মিয়ানমারের সরকার যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, তা পালনে দেশটির নেতাদের ওবামা যেন অবশ্যই চাপে রাখেন।মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য যুক্তরাষ্ট্র মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নে তড়িঘড়ি করছে। এটা করতে গিয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে মার্কিন প্রশাসন।বিভিন্ন বিষয়ে, বিশেষ করে রাখাইনে জাতিগত সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুজানা নোসেল বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) মিয়ানমারের সরকারকে এখন এমনি এমনি ছেড়ে দিতে পারে না।’আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডেভিড স্কট ম্যাথিসন লেখেন, ‘মিয়ানমারের সংস্কার-প্রক্রিয়ায় সে দেশের সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ। কেননা, সেনাবাহিনীই এখনো দেশটির অন্যতম নির্ণায়ক ও প্রভাবক শক্তি। কাজেই সেনাবাহিনীর ভূমিকা কী হবে, সেটা নিয়ে যতক্ষণ কোনো অনিশ্চয়তা আছে, ততক্ষণ সংস্কার-প্রক্রিয়া বড় ধরনের ঝুঁকিতে থাকবে। এ বিষয়টি ওবামাকে বিবেচনায় রাখতে হবে এবং সাংবিধানিক সংস্কারের প্রয়োজনের বিষয়টি স্পষ্টভাবে বলতে হবে।’ এএফপি।