জাতিসংঘ আদালতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের ঘটনায় শিয়া মুসলিম জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর চারজন সদস্যকে অভিযুক্ত করে জাতিসংঘের একটি আদালত যে অভিযোগপত্র দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ গত শনিবার টেলিভিশনের এক ভাষণে বলেছেন, ‘স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবাননের (এসটিএল) রায় আমরা প্রত্যাখ্যান করছি। পাশাপাশি এসটিএল যেসব অভিযোগ এনেছে, তা-ও প্রত্যাখ্যান করছি। এই রায়কে আমরা হিজবুল্লাহর ওপর হামলা হিসেবে দেখছি।’হিজবুল্লাহর প্রধান আরও বলেন, লেবাননের কোনো সরকারই ৩০ দিন কেন ৩০ বছর এমনকি ৩০০ বছরেও কাউকে গ্রেপ্তার করতে পারবে না। তিনি বলেন, যা ঘটবে তা হলো, অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই বিচারকাজ সম্পন্ন করা। আর এটা এমনই একটা বিচার, যার রায় এরই মধ্যে হয়ে গেছে।২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি বৈরুতে বোমা হামলায় মারা যান হারিরি। এ ঘটনায় প্রাণ হারান আরও ২২ জন।এসটিএল বৃহস্পতিবার লেবাননের সরকারি কৌঁসুলি সাইদ মির্জার কাছে অভিযুক্ত চারজনের গ্রেপ্তারি পরোয়ানা হস্তান্তর করেছে। এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে লেবানন সরকার ৩০ দিন সময় পাবে। এর মধ্যে অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হলে নেদারল্যান্ড-ভিত্তিক আন্তর্জাতিক আদালত অভিযুক্ত ব্যক্তিদের সরাসরি আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন।অভিযুক্ত চারজনের বর্তমান অবস্থান সম্পর্কে জানা যায়নি। আর এ ব্যাপারে নাসরাল্লাহর অবস্থানও স্পষ্ট। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের কেউ খুঁজে পাবে কিংবা গ্রেপ্তার করতে পারবে বলে আমার মনে হয় না।’অভিযুক্ত চারজনের মধ্যে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মুস্তাফা বদরুদ্দিন রয়েছেন। ১৯৮৩ সালে কুয়েতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দূতাবাসে বোমা হামলার ঘটনায় বদরুদ্দিন দায়ী বলে ধারণা করা হচ্ছে। ১৯৯০ সালে পশ্চিমা মিত্র জোটের ইরাক আক্রমণের সময় কারাগার থেকে তিনি পালিয়ে যান।এসটিএল লেবাননের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন নাসরাল্লাহ। তিনি বলেন, ট্রাইব্যুনালের লক্ষ্য হচ্ছে লেবাননের জনগণকে উসকানি দেওয়া। কিন্তু বাস্তবে সুন্নি ও শিয়াদের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। কোনো গৃহযুদ্ধও হবে না। এএফপি ও বিবিসি।