জাতিসংঘ তদন্ত কমিটি যাওয়ার অনুমতি পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি। জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি) এই কমিটিকে নিয়োগ দেয়। খবর পিটিআইয়ের।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কমিটিকে এখনো শ্রীলঙ্কায় আসার অনুমোদন দেওয়া হয়নি। জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই গত ২৫ জুন তিন সদস্যের এই বিশেষজ্ঞ দলের নাম ঘোষণা করেন। এই দলের সদস্যরা ১২ সদস্যের ইউএনএইচআরসি দলকে সহযোগিতা দেবেন।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞরা হলেন নোবেল পুরস্কারজয়ী ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্তি আহতিসারি, নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারপতি ও সাবেক গভর্নর জেনারেল সিলভিয়া কার্টরাইট এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও মানবাধিকার কমিশনের সাবেক প্রেসিডেন্ট জাহাঙ্গীর।
তিন সদস্যের এই কমিটির সদস্যরা শ্রীলঙ্কার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত অবস্থান করে সেসব স্থানের মানবাধিকার লঙ্ঘনের চিত্রগুলো তুলে আনবেন। শ্রীলঙ্কার সেনাবাহিনী ও লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) বিদ্রোহীদের নির্যাতনের শিকার মানুষের সঙ্গে কথা বলবেন।
২০০৯ সালে শ্রীলঙ্কার সরকারি বাহিনী তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়। এতে এলটিটিইর প্রধান ভেলুপিল্লাইসহ বিচ্ছিন্নতাবাদী দলটির অসংখ্য সদস্য নিহত হন। ওই অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ তদন্ত কমিটি গঠন করলেও এ ব্যাপারে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা।