জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা তালেবানের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া নিয়ে জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছে তালেবান। ওই বৈঠক করার খবরকে ‘গুজব’ ও ‘অপপ্রচার’ বলে তাঁরা অভিহিত করেছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তালেবান এ কথা বলেছে। বিবৃতিতে নিজেদের ‘আফগানিস্তানের ইসলামি আমিরের সর্বোচ্চ পরিষদ’ অভিহিত করে তালেবান বলেছে, পশ্চিমা গণমাধ্যমে ওই বৈঠকের খবর মুজাহিদদের বিরুদ্ধে হামলাকারীদের একটি অপপ্রচার। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে উদ্দেশ করে তালেবান বলেছে, পশ্চিমাদের অপপ্রচার মিথ্যা প্রমাণে শত্রুদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া নিয়ে তালেবানের সক্রিয় সদস্যরা এ মাসে কাই এইদের সঙ্গে বৈঠক করেছেন। দুবাইয়ে ৮ জানুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এ বৈঠকের ফল নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।