জাতিসংঘ মানবাধিকার পরিষদে লিবিয়ার সদস্যপদ স্থগিত
জাতিসংঘের মানবাধিকার পরিষদে লিবিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরিষদের হুঁশিয়ারি সত্ত্বেও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বিক্ষোভ দমনে নিজ দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালানোর কারণে গত মঙ্গলবার দেশটির সদস্যপদ স্থগিত করা হয়। লিবিয়ার বিক্ষোভকারীদের বাঁচাতে দেশটির কিছু এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন গড়তে পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়ে যাচ্ছে। জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্ক লিয়াল গ্রান্ট বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে যা প্রয়োজন বলে মনে হবে, তাই করা হবে।’১৯২ সদস্যবিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে মানবাধিকার পরিষদ থেকে লিবিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার কাউন্সিল ২০০৬ সালে গঠিত হয়। এ কাউন্সিল বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা ও তা শক্তিশালী করার কাজ করছে। গঠিত হওয়ার পর থেকে এই প্রথম কোনো দেশের সদস্যপদ স্থগিত করা হলো। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার পরিষদে লিবিয়ার সদস্যপদ স্থগিতের ব্যাপারে সংক্ষিপ্ত বিতর্কে দেশটির নেতা গাদ্দাফির পক্ষে কেউ কথা বলেনি। তবে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র লিবিয়ার ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ গাদ্দাফিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজের জনগণ হত্যা করলে তাদের স্থান মানবাধিকার পরিষদে নেই।জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, ‘এই নজিরবিহীন পদক্ষেপের মাধ্যমে গাদ্দাফি ও তাঁর সহযোগীদের প্রতি আবারও সতর্কবার্তা পাঠানো হলো। লিবিয়ায় অবশ্যই হত্যা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, গাদ্দাফিকে অবশ্যই শাসনক্ষমতা ছাড়তে হবে। ভেনেজুয়েলার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি একে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন।লিবিয়ায় নো ফ্লাই জোন প্রশ্নে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লিয়াল গ্রান্ট বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো পদক্ষেপের কথাই নাকচ করছি না। নিরাপত্তা পরিষদ বিষয়টি পর্যালোচনা করছে।’ নো ফ্লাই জোন নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হচ্ছে—এমন কথা অবশ্য নাকচ করে দিয়েছেন সুসান রাইস। যুক্তরাজ্য ও ফ্রান্স নো ফ্লাই জোনের পক্ষে থাকলেও ফ্রান্স বলেছে, এ জন্য অবশ্যই প্রথমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস করতে হবে।জাতিসংঘে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, এ ব্যাপারে নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব আসতে পারে। এটার প্রয়োজনও রয়েছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাধারণ পরিষদে বলেন, লিবিয়ায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার। এ ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ লিবিয়ার নেতা গাদ্দাফির নিন্দা করায় বান কি মুন সবার প্রশংসা করেন। বান কি মুন বলেন, সাধারণ মানুষ গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর অনেকেই গাদ্দাফির বিরুদ্ধাচরণ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে। তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে আছেন গাদ্দাফি।প্রসঙ্গত, ১৯৬৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন গাদ্দাফি। তাঁর ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এএফপি, ওয়াশিংটন পোস্ট অনলাইন।