জাতিসংঘকে হুমকি দিলেন বশির
সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির জাতিসংঘের শান্তি মিশনসহ বিদেশি সংস্থাগুলোকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর দেশে অবস্থান করতে হলে জাতিসংঘ মিশনসহ বিদেশি সংস্থাগুলোকে আইন মেনে চলতে হবে। অন্যথায় তাদের বের করে দেওয়া হবে। গত শনিবার রাজধানী খার্তুমে দারফুরের স্থানীয় নেতাদের এক সভায় তিনি এ কথা বলেন।বশির এমন এক সময় এ ঘোষণা দিলেন, যখন দারফুরের ছয় বাসিন্দাকে নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘ মিশনের সম্পর্কে চিড় ধরেছে।গত মাসে দারফুরে অবস্থিত কলমা উদ্বাস্তু শিবিরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়। সরকার ওই সংঘর্ষ উসকে দেওয়ার জন্য বিদ্রোহী গ্রুপ সুদান লিবারেশন আর্মির (এসএলএ) ছয় কর্মী ও সমর্থককে অভিযুক্ত করে। অভিযুক্ত ব্যক্তিরা জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ সংগঠন ইউনামিডে আশ্রয় নেয়। রাজধানী খার্তুম তাদের কাছে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তর করতে বললে ইউনামিড তাদের হস্তান্তর করতে অস্বীকার করে। ইউনামিডের পক্ষ থেকে বলা হয়, সহিংসতা উসকে দেওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া তারা তাদের হস্তান্তর করবে না।গত শনিবার খার্তুমে প্রেসিডেন্ট বশির দারফুরের গভর্নরের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তিনি বলেন, সুদানে কর্মরত জাতিসংঘ অথবা আফ্রিকান ইউনিয়ন এজেন্সি, এমনকি যৌথ সংস্থা ইউনামিড, যেই হোক না কেন, সবাইকে সরকারি কর্তৃপক্ষকে সহায়তা করতে হবে। তিনি বলেন, ‘আমি দারফুরের গভর্নর ভাইকে বলছি, যারা সীমা লঙ্ঘন এবং সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করবে, তাদের ওই দিনই আপনারা বহিষ্কার করবেন।’ তিনি বলেন, সরকারকে তার দেশের জনগণের জানমাল রক্ষায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। ইউনামিড স্বীকার করেছে যে ছয়জন তাদের আশ্রয়ে আছে, তারা এসএলএর কর্মী অথবা সমর্থক। এদিকে দক্ষিণ সুদানকে স্বাধীনতা দেওয়া হবে কি হবে না, তা নিয়েআগামী জানুয়ারিতে যে গণভোট হওয়ার কথা রয়েছে, তা পিছিয়ে দিতে চাইছে নির্বাচন কমিশন। গণভোট কমিশনের একজন সদস্য গতকাল বলেছেন, ভোটাভুটির জন্য যে প্রস্তুতি দরকার, তা এ সময়ের মধ্যে গ্রহণ করা সম্ভব হবে না। এ কারণে নির্বাচিনের তারিখ পিছিয়ে দেওয়া উচিত। এএফপি।