জাতিসংঘে অধিকতর মর্যাদা পেতে প্রস্তাব তুলছে ফিলিস্তিন
জাতিসংঘে অধিকতর মর্যাদা পেতে সদস্যদেশগুলোর কাছে গত সোমবার সংশোধিত প্রস্তাবের খসড়া বিলি করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এই প্রস্তাব নিয়ে কাল বৃহস্পতিবার ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।জাতিসংঘে বর্তমানে ‘পর্যবেক্ষক ভূখণ্ডের’ মর্যাদা আছে ফিলিস্তিনের। কিন্তু তারা চায় ভ্যাটিকানের মতো ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা। এই মর্যাদা পেলে পরবর্তী সময়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাওয়া ফিলিস্তিনের জন্য সহজ হবে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এই উদ্যোগে এবার অপ্রত্যাশিতভাবে সমর্থন দিচ্ছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস। সোমবার হামাসের পক্ষ থেকে বিষয়টি মাহমুদ আব্বাসকে জানিয়ে দেওয়া হয়েছে।‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা নিশ্চিত করতে পারলে ফিলিস্তিনের জন্য সদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পথ সুগম হবে। পাশাপাশি তখন জাতিসংঘের অনেক সংস্থার সদস্য হতে পারবে তারা। যেমন—তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ পাবে। তখন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাতে পারবে ফিলিস্তিন। রয়টার্স।