জাতিসংঘে এবার নারী মহাসচিব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরিনা বুকভা, হেলেন ক্লার্ক, মিশেল বাশেলেত
ইরিনা বুকভা, হেলেন ক্লার্ক, মিশেল বাশেলেত

২০১৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে জাতিসংঘের চলতি মহাসচিব বান কি মুনের দ্বিতীয় মেয়াদ। তার আগেই নির্বাচন করতে হবে বিশ্ব সংস্থার পরবর্তী মহাসচিব। কে হবেন মহাসচিব, সেই প্রশ্নে এখনো কোনো মতৈক্য নেই, তবে অধিকাংশই একমত, পরবর্তী মহাসচিব হবেন একজন নারী।
এ ব্যাপারে চাপ প্রয়োগের জন্য জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের নারী রাষ্ট্রদূতেরা নিজ উদ্যোগে একটি অনানুষ্ঠানিক সংগঠন করেছেন, যার নাম ‘নারী মহাসচিব নিয়োগে সমর্থনকারী বন্ধুদের গ্রুপ’। এই গ্রুপ জানিয়েছে, তারা এরই মধ্যে প্রায় ৭০টি দেশের সমর্থন আদায় করেছে। বান কি মুন নিজেও ইঙ্গিত করেছেন, একজন নারী মহাসচিব নিয়োগের সময় এসেছে।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী সাধারণ পরিষদের সব সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হন। তবে সেই ভোটাভুটির আগে নিরাপত্তা পরিষদ, বিশেষত এই পরিষদের পাঁচ স্থায়ী সদস্য কোনো একজন প্রার্থীর ব্যাপারে মতৈক্যে পৌঁছালে তবেই তাঁর নাম সাধারণ পরিষদের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য উত্থাপন করা হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একমাত্র যুক্তরাজ্য জানিয়েছে, তারা এবার একজন নারী মহাসচিব দেখতে চায়। অন্যদিকে রাশিয়া বলেছে, পুরুষ বা নারী নয়, সবচেয়ে যোগ্য প্রার্থীকেই নির্বাচন করতে হবে।
ইতিমধ্যে যে কয়েকটি নাম আলোচনায় এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর চলতি মহাপরিচালক বুলগেরিয়ার ইরিনা বুকভা, ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক ও চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেত।
জাতিসংঘের অলিখিত নিয়ম অনুযায়ী মহাসচিবের দায়িত্ব বিশ্বের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে আবর্তিত হয়। সেই নিয়ম অনুযায়ী পরবর্তী মহাসচিব আসার কথা পূর্ব ইউরোপ থেকে। এই নিয়ম মানা হলে বুকভার সম্ভাবনাই বেশি। মহাসচিব হতে হলে যেসব যোগ্যতা চাই, যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা, দক্ষ প্রশাসক হিসেবে খ্যাতি ও বহুভাষিকতা—এর সবই বুকভার রয়েছে। তিনি বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিপুল ভোটাধিক্যে পর পর দুবার ইউনেসকোর মহাপরিচালক নির্বাচিত হয়েছেন। মস্কোয় লেখাপড়া করেছেন বুকভা, ফলে রাশিয়া তাঁকে সমর্থন দেবে, এ কথা বলা যায়। তা ছাড়া তিনি চমৎকার ফরাসি বলেন, যা নিরাপত্তা পরিষদের অপর স্থায়ী সদস্য ফ্রান্সের অনুমোদন লাভে সহায়ক হবে।
পূর্ব ইউরোপ থেকে অবশ্য আরও একাধিক প্রার্থীর নাম শোনা গেছে, যেমন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবস্কাইতে। তবে রুশ ভেটোর সম্ভাবনা থাকায় তাঁকে নিয়ে উৎসাহ কম। রাশিয়া নিজেই একজন রুশ প্রার্থী দিতে আগ্রহী, তবে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীর নাম মস্কো থেকে প্রস্তাব করা হয়নি। সার্বিয়ার সাবেক বিদেশমন্ত্রী ভুক জেরেমিহর নাম শোনা গেছে, তবে মার্কিন ভেটোর সম্ভাবনা থাকায় তিনিও দৌড়ে খুব বেশি দূর এগোতে পারবেন বলে মনে হয় না।
এঁদের বাইরে পূর্ব ইউরোপের আরও দুজন প্রার্থী তাঁদের আগ্রহ ব্যক্ত করে সাধারণ পরিষদের সভাপতির কাছে আবেদনপত্র পাঠিয়েছেন। তাঁরা হলেন সাধারণ পরিষদের সাবেক সভাপতি, মেসেডোনিয়ার সেরগান কেরিম ও ক্রোয়েশিয়ার বিদেশমন্ত্রী ভেসনা পুসিত।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, যিনি ইউএনডিপির বর্তমান প্রশাসক এবং চিলির প্রেসিডেন্ট বাশেলেত আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞ ও প্রশাসক হিসেবে দক্ষ হলেও ভৌগোলিক আবর্তনের নিয়মের কারণে তাঁদের প্রার্থিতা বিবেচনায় আনার কথা নয়। কিন্তু জাতিসংঘ সচিবালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দুজনেই এই পদে আগ্রহী এবং এ জন্য যথেষ্ট তদবির চালাচ্ছেন।
বেশেলেত ইতিপূর্বে জাতিসংঘের উপমহাসচিব হিসেবে নারী অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কিন্তু চিলির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সে দায়িত্ব ছেড়ে দেন।
মহাসচিবের নির্বাচনের প্রক্রিয়া শিথিল করার লক্ষ্যে ডিসেম্বরের মাঝামাঝি সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সভাপতি এক যৌথ চিঠিতে সদস্যরাষ্ট্রগুলোর কাছে প্রার্থী মনোনয়নের আহ্বান করেছেন। এত দিন পর্যন্ত এ পদের নির্বাচনের প্রক্রিয়াটি ছিল গোপনীয়তায় ঢাকা এবং নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ন্ত্রণাধীন। এবারই প্রথমবারের মতো সদস্যরাষ্ট্রগুলো উন্মুক্তভাবে নিজেদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে। সম্ভাব্য প্রার্থীদের নামও নিয়মিত প্রকাশ করা হবে। ইতিপূর্বে শুধু নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করতেন, কিন্তু আগামী মহাসচিবকে সব সদস্যরাষ্ট্রের সামনে চাকরির জন্য পরীক্ষায় বসতে হবে। তবে প্রার্থীর পদ চূড়ান্ত করার ব্যাপারে নিরাপত্তা পরিষদের যে অভিভাবকত্ব, সে নিয়মের অবশ্য কোনো হেরফের হচ্ছে না।