জাতিসংঘে চীন-জাপান বাগ্যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের বাগ্যুদ্ধ চলছেই। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চীন অভিযোগ করেছে, তাদের দ্বীপগুলো চুরি করেছে জাপান। এর জবাবে জাপান বলেছে, চীন মিথ্যাচার করছে। আর দেশ দুটিকে ‘ঠান্ডা মাথায়’ এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি সাধারণ অধিবেশনে বলেন, দ্বীপগুলোর মালিক তাঁর দেশই। এই ঐতিহাসিক তথ্য কেউ অস্বীকার করতে পারবে না। এগুলো চুরি করেছে জাপান। দ্বীপগুলো দখলে নিয়ে জাপান সরকার চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এই অভিযোগ অস্বীকার করে জাপানের উপরাষ্ট্রদূত কাজুউ কোদামা জাতিসংঘে বলেন, উত্তরাধিকার সূত্রে ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বীপগুলোর মালিক জাপান। অথচ চীন ও তাইওয়ান ১৯৭০-এর দশকে দ্বীপগুলোর মালিকানার দাবি তুলে মিথ্যাচার শুরু করে। এখনো তা অব্যাহত রেখেছে। তাঁর এ বক্তব্যের কড়া সমালোচনা করে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি দিমবাওদোং বলেন, এতে জাপানের সেকেলে ঔপনিবেশিক মানসিকতা ধরা পড়ে।পূর্ব চীন সাগরের ওই দ্বীপগুলোকে জাপানে ডাকা হয় সেনকাকু বলে। আর চীনের কর্তৃপক্ষ বলে দিয়াউ। শুধু চীন-জাপানই নয়, তাইওয়ানও দ্বীপগুলোর মালিকানার দাবিদার। তবে দ্বীপগুলো এখন রয়েছে জাপানের নিয়ন্ত্রণে। চলতি মাসের গোড়ার দিকে জাপানের ব্যক্তিমালিকানাধীন দ্বীপগুলো কিনে নেয় সে দেশের সরকার। আর তখন থেকেই চীন-জাপান সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এর জের ধরে চীনের কয়েকটি শহরে কারখানায় পণ্য উৎপাদন বন্ধ করে দেন জাপানের ব্যবসায়ীরা। চীন ও তাইওয়ানের মাছধরা নৌকা ও টহল জাহাজ দ্বীপগুলোর আশপাশে ঢুকে পড়ে। জাপানের অভিযোগ, এসব জাহাজ ও নৌকা তাঁদের জলসীমায় ঢুকে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গত বুধবার জাতিসংঘে গণমাধ্যমকর্মীদের বলেন, দ্বীপগুলোর মালিকানা নিয়ে কোনো বিরোধ নেই। অতএব দ্বীপগুলোর মালিকানা নিয়ে কোনো আপস নয়।বৃহস্পতিবার নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘উত্তেজিত না হয়ে চীন ও জাপানের উচিত ঠান্ডা মাথায় বিরোধ নিষ্পত্তি করা।’ বিবিসি ও রয়টার্স।