জাতিসংঘে বাশার বাহিনীর নিন্দা জানিয়ে প্রস্তাব পাস
জাতিসংঘের সাধারণ পরিষদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর নিন্দা ও বিদ্রোহীদের প্রশংসা করে গত বুধবার একটি প্রস্তাব পাস করেছে। এতে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনেরও আহ্বান জানানো হয়। তবে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে চরমপন্থী কিছু গোষ্ঠী থাকায় রাশিয়াসহ কয়েকটি দেশ এর বিরোধিতা করে।
সাধারণ পরিষদের এই প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রস্তাবটির নৈতিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এই প্রস্তাব পাসের পর রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, বিষয়টি সিরিয়ায় রক্তপাত বন্ধে মস্কোর প্রস্তাবিত শান্তি সম্মেলন বিঘ্নিত করতে পারে।
কাতারের এই প্রস্তাবের পক্ষে ১০৭, বিপক্ষে ১২টি ভোট পড়ে। ৫৯টি দেশ ভোট দেয়নি। এর আগে গত আগস্টে বাশার সরকারের প্রতি নিন্দা জানিয়ে সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছিল। তাতে নিন্দা প্রস্তাবের পক্ষে ১৩৩ ও বিপক্ষে ১২টি ভোট পড়েছিল। সেবার ভোট দেয়নি ৩১টি দেশ। সেই হিসাবে এবার বাশারবিরোধী প্রস্তাবে সমর্থন কমেছে বলা যায়।
প্রস্তাবের বিরোধিতাকারী দেশগুলোর কূটনীতিকেরা বলছেন, বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপে সিরিয়া সরকার পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। উদ্বেগের বিষয় হলো, বিদ্রোহীদের মধ্যে ইসলামি চরমপন্থীরা শক্তিশালী হচ্ছে। এ কারণেই তাঁরা সাধারণ পরিষদে প্রস্তাবের বিরোধিতা করেন।
প্রেসিডেন্ট বাশারের মিত্র এবং তাঁকে অস্ত্র সরবরাহকারী প্রধান দেশ বলে পরিচিত রাশিয়া সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের কঠোর বিরোধিতা করে। ভোটাভুটির আগে রাশিয়া সব দেশের প্রতিনিধির কাছে চিঠি পাঠিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানায়। মস্কোর অভিযোগ, সিরিয়ায় সহিংসতা বন্ধে তারা যে শান্তি সম্মেলনের উদ্যোগ নিয়েছে, এই প্রস্তাব পাস হলে তা বিঘ্নিত হতে পারে। আগামী মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।
ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি বলেন, এই প্রস্তাব রাশিয়ার প্রস্তাবিত শান্তি সম্মেলনের পরিপন্থী। সিরিয়ার সরকার ওই শান্তি সম্মেলনকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রোজমারি ডিকার্লো বলেন, ‘এই প্রস্তাব সুস্পষ্টভাবে এই বার্তা দিচ্ছে যে আমরা সিরিয়ায় রাজনৈতিক সমাধান চাই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধের জন্য তিনি সম্মেলনের পক্ষে নন। কারণ এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। ক্যামেরন অতিসত্বর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের নাম ঘোষণা করে সংকট সমাধানে এগিয়ে যাওয়ার পক্ষে মত দেন।
বাশার বাহিনীর ১১ সেনা হত্যা: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত আল নুসরা ফ্রন্ট গুলি করে বাশার বাহিনীর ১১ সেনাকে হত্যা করেছে মর্মে একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। রয়টার্স ও বিবিসি।