
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর গত মঙ্গলবারের ঐতিহাসিক সমঝোতা অনুমোদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ভোটাভুটি হতে পারে। এদিকে প্রত্যাশামতোই যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিকেরা ওই সমঝোতার কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, চুক্তির ফলে তেহরানকে এখন আর আন্তর্জাতিক হুমকি মনে করা হবে না। খবর রয়টার্স, বিবিসি ও এএফপির।
জাতিসংঘের কয়েকজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার বলেন, ইরানের সঙ্গে বিশ্বশক্তির সমঝোতার বিষয়টি অনুমোদনের প্রস্তাব আগামী সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির রাজনীতিকেরা ইরানের সঙ্গে সমঝোতার বিরোধিতা করছেন। এই সমঝোতা ইরানকে শুধু উৎসাহিতই করবে বলে মন্তব্য করেন মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদলীয় স্পিকার জন বেহনার। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার বন্ধ করার পরিবর্তে সারা বিশ্বে ওই চুক্তি অস্ত্রের প্রতিযোগিতা বাড়িয়ে দেবে।
মার্কিন কংগ্রেস ওই সমঝোতা অনুমোদনের প্রস্তাব বিবেচনার জন্য ৬০ দিন সময় পাবে। তবে ওই অনুমোদন প্রক্রিয়া বন্ধ করে দিতে বিরোধী রিপাবলিকানদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটো দেবেন বলে জানিয়েছেন।
পরাশক্তি দেশগুলোর সঙ্গে সমঝোতার ফলে চুক্তি বাস্তবায়িত হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করার বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামরিক অবরোধ থেকে পর্যায়ক্রমে রেহাই পাবে।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বলেন, বিশ্বশক্তির সঙ্গে ওই সমঝোতা তাঁর দেশের জন্য এক বড় বিজয়। কেউ বলতে পারবে না যে, ইরান আত্মসমর্পণ করেছে। এই অর্জনের ফলে ইরানকে এখন আর কেউ বিশ্বের জন্য হুমকিও মনে করবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকাল বুধবার তেহরানে ফিরে বলেন, বিশ্বশক্তির সঙ্গে সমঝোতার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘কৃত্রিম সংকটের’ অবসান হয়েছে। সমঝোতার শর্ত অনুযায়ী তাঁরা নিজেদের কাজ করবেন। অপর পক্ষও তাই করবে। চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নে এখন থেকে আনুমানিক চার মাস সময় লাগবে।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মানির প্রতিনিধিরা ২০০৬ সালে আলোচনা শুরু করেন। দীর্ঘ ও কঠিন আলোচনার পর অবশেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার এ ব্যাপারে চূড়ান্ত সমঝোতা হয়।
চুক্তির পর যা হবে
শিগগিরই সার্বিক যৌথ কর্মপরিকল্পনা নিরাপত্তা পরিষদের অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।
২০ জুলাই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করবেন।
এ সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চুক্তিটি অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠাবেন। এখানে এটি কঠিন বিরোধিতার মুখে পড়তে পারে।
চুক্তিটি অনুমোদনে ইরানের প্রক্রিয়াটি বেশ সোজাসাপটা। চুক্তিটি প্রথমে গৃহীত হতে হবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে। এরপর অনুমোদনের জন্য যাবে পার্লামেন্টে। সেখানে তা সহজেই পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) অনুমোদনের পর ইরানের ওপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এরপর প্রত্যাহার হবে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা।
চুক্তি অনুসারে ১০ বছর পর পরমাণু কর্মকাণ্ড সীমিতকরণের মেয়াদ শেষ হয়ে গেলে ইরান অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পরমাণু কর্মকাণ্ড চালাতে পারবে।