জাতিসংঘে মার্কিন গোয়েন্দাদের চরবৃত্তি: ডের স্পিগেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন গোয়েন্দাদের চরবৃত্তির খবর প্রকাশিত হয়েছে। গতকাল রোববার জার্মানির সাময়িকী ডের স্পিগেল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের প্রকাশিত গোপন নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা জাতিসংঘের অভ্যন্তরীণ ভিডিও কনফারেন্সে অনুপ্রবেশ করেছিল। এ সময় তারা গোপন তথ্য জোগাড় করে। তিন সপ্তাহের মধ্যে এই অনুপ্রবেশের হার নাটকীয়ভাবে বেড়ে যায়।

প্রতিবেদনে দাবি করা হয়, গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন নিউইয়র্কে দূতাবাস স্থাপনের পর থেকে তাদের মিশনগুলোর ওপর গোপন নজরদারি করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

স্নোডেনের প্রকাশিত জাতীয় গোয়েন্দা সংস্থার নথিগুলোর মধ্যে নতুন দূতাবাসের পরিকল্পনা ও তাদের তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং সার্ভার এই নজরদারির মধ্যে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা বিশ্বজুড়ে ৮০টির বেশি দূতাবাসে ও কনস্যুলেটে পর্যবেক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ‘স্পেশাল কালেকশন সার্ভিস’ নামের এই কর্মসূচি সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়াই পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা সংস্থার নথিপত্রে যেকোনো মূল্যে এই কর্মসূচির কথা গোপন রাখার আহ্বান জানানো হয়। কারণ এ কথা ফাঁস হয়ে গেলে সংশ্লিষ্ট ওই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।