জাতিসংঘে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতসহ ২৪টি দেশের ভোট
জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) ভারতসহ ২৪টি দেশ শ্রীলঙ্কার বিপক্ষে ভোট দিয়েছে। তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আহ্বান জানিয়ে শ্রীলঙ্কার প্রতি জাতিসংঘের প্রস্তাবের ওপর ওই ভোট নেওয়া হয়। শ্রীলঙ্কা অনেক আগে থেকেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে আসছে।গত বৃহস্পতিবার জেনেভায় ওই পরিষদের সভায় প্রস্তাবটির ওপর ভোট নেওয়া হয়। এতে ভারতসহ ২৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়াসহ ১৫টি দেশ। এ ছাড়া আটটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। গতকাল শুক্রবার এ ঘটনাটি শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোতে প্রধান খবর হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কার দ্য ডেইলি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবের পক্ষে মাত্র এক ভোট বেশি পড়েছে। ২৪ জন প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলেছে এবং ২৩ জন প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে অস্বীকার করেছে। ওই প্রস্তাবটি অমূলক, ভিত্তিহীন এবং অসময়োচিত বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, যারা কাচের নির্মিত ঘরে বাস করে, পাথর নিক্ষেপের আগে তাদের সতর্ক করার অনুশীলন করা যেতে পারে।নিউজ ডট এলকে নামের অপর অনলাইন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আমাদের জন্য পরিতৃপ্তির বিষয় এই যে তীব্র চাপ থাকা সত্ত্বেও ১৫টি দেশ শ্রীলঙ্কার পক্ষে ভোট দিয়েছে।আইল্যান্ড ডেইলির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্রের চাপে বশীভূত হয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এশিয়ার কয়েকটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এএফপি।