জাতিসংঘে সৌদি আরবের বিরুদ্ধে ইরানের নালিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ইরানের বিরুদ্ধে ‘উসকানি’ দিয়ে এবং শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠী বিদ্বেষ ছড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংকট তৈরি করছে বলে তেহরানের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেছেন। গতকাল শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনা চিঠিটি প্রকাশ করেছে।
‘গুপ্তচরবৃত্তি’ এবং ‘সন্ত্রাসী কাজে’ জড়িত থাকার অভিযোগে ইরানের চার নাগরিকের বিচার করা হবে বলে গত শুক্রবার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ওই দিন জুমার নামাজ শেষে ইরান, ইরাক, পাকিস্তানসহ বিভিন্ন দেশে; এমনকি সৌদি আরবের শিয়া-অধ্যুষিত কাতিফ শহরে সৌদি রাজপরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। খবর রয়টার্সের।
সৌদি সমর্থক দেশগুলোর এই কূটনৈতিক চাপের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে এক চিঠিতে লেখেন, রিয়াদের ‘কিছু লোক’ গোটা অঞ্চলকে এক ভয়াবহ সংকটের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
জাভেদ জারিফ লেখেন, সৌদি সরকার ইরান ও শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে গোষ্ঠী বিদ্বেষ ছড়াচ্ছে। ইরান থেকে মক্কায় হজ করতে যাওয়া হাজিদের সঙ্গে ক্রমাগত খারাপ ব্যবহার করে আসছে। চিঠিতে তিনি বলেন, আল-কায়েদা, তালেবান, আইএস এবং নুসরা ফ্রন্টের মতো জঙ্গি সংগঠনের বেশির ভাগ সদস্য সৌদি নাগরিক। তিনি বলেন, সৌদির সঙ্গে কোনো ধরনের কোন্দলে জড়ানোর ‘খায়েশ’ ইরানের নেই। তবে সৌদি আরবের উসকানিমূলক আচরণের সঙ্গে তেহরান কোনো আপস করবে না।
ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর চিঠিটির অনুলিপি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এবং কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সৌদি আরব দেশটির প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর রিয়াদের সঙ্গে তেহরানের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। আল নিমরের সাজা কার্যকরের জের ধরে ইরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি।
সৌদির সমর্থনে বাহরাইন, জিবুতি, সোমালিয়া ও সুদান তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করে এবং কুয়েত ও কাতার তেহরান থেকে কূটনীতিক প্রত্যাহার করে নেয়। তুরস্কও শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে সৌদির ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করে ইরানের নিন্দা করে।