জাতিসংঘের অধিবেশনে আসা নেতাদের সঙ্গে দেখা করলেন হিলারি ও ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দুজনই আলাদাভাবে সাক্ষাৎ করেছেন। নিজেদের কূটনৈতিক দক্ষতার ভান্ডার সমৃদ্ধ করতেই তাঁরা বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন বলে মনে করা হচ্ছে।
মিসরের নেতা সিসির সঙ্গে হিলারি এক ঘণ্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তাঁরা সন্ত্রাস দমন থেকে শুরু করে মানবাধিকারবিষয়ক নানা বিষয়ে আলোচনা করেন। আর ট্রাম্পের সঙ্গে সিসির বৈঠকটি একটা কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বের কোনো নেতার সঙ্গে রিপাবলিকান প্রার্থীর এটিই ছিল প্রথম সাক্ষাৎ। হিলারির উদ্যোগের জবাব হিসেবেই ট্রাম্প ওই বৈঠক করেন বলে ভাবা হচ্ছে।
টেলিভিশনের রিয়্যালিটি শোর সাবেক তারকা ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট সিসিকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে মিসরকে সহযোগিতা দেওয়ার পাশাপাশি দেশটির বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে যুক্তরাষ্ট্র।