জাতিসংঘের অস্ত্র চুক্তি আলোচনা ফের শুরু
বিশ্ববাজারে প্রচলিত অস্ত্রের অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধে জাতিসংঘের সমঝোতা চুক্তিতে পৌঁছাতে গতকাল সোমবার নিউইয়র্কে ১৯৩টি দেশ আবার বৈঠকে বসেছে। বিশ্বে বর্তমানে সব ধরনের প্রচলিত অস্ত্রের সাত হাজার কোটি ডলারের বাণিজ্য রয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক প্রচারক ও মানবাধিকারবিষয়ক আইনজীবীরা জানান, অস্ত্রসংক্রান্ত সহিংসতার শিকার হয়ে বিশ্বে প্রতি মিনিটে একজন নিহত হয়। তাই এই অনিয়ন্ত্রিত অস্ত্রের প্রবাহ এবং ব্যবহার বন্ধে একটি চুক্তির প্রয়োজন। এই অনিয়ন্ত্রিত অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে গত বছরের জুলাইয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া সম্মেলন হয়। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এ ব্যাপারে সময় চাইলে সম্মেলনটি ভেস্তে যায়। গত ডিসেম্বরে জাতিসংঘ এ ব্যাপারে আলোচনায় বসার জন্য গতকালের তারিখ ঠিক করে।খসড়া চুক্তি অনুযায়ী, অস্ত্র মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হবে কি না অথবা জঙ্গি কিংবা অপরাধী চক্রের হাতে পড়তে পারে—এমন আশঙ্কা থাকলে বিক্রির আগেই তা খতিয়ে দেখা যাবে। এ নিয়ে অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে।যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ বিষয়ে একটি জোরালো চুক্তি চায়। কিন্তু এই চুক্তিতে বাধা দিতে ওবামা প্রশাসনকে চাপের মুখে রেখেছে দেশটির অস্ত্র ব্যবসার সমর্থক গোষ্ঠীর নেতৃত্বদানকারী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনস। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই চুক্তির প্রতি শর্তসাপেক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর অস্ত্র-বাণিজ্য চুক্তি করতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। ক্রেতা ও বিক্রেতারা অস্ত্র বিক্রির শর্ত শিথিলের প্রস্তাব দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র গোলাবারুদ সরবরাহকে এই শর্তের বাইরে রাখতে চায়। চীন অবাধে তাদের স্বল্প শক্তির অস্ত্রগুলো অনিয়ন্ত্রিতভাবে বিক্রির পক্ষে। এদিকে মিত্রদের অস্ত্র উপহার দেওয়া কিংবা সরবরাহ করা অব্যাহত রাখার ব্যাপারে বলে আসছে রাশিয়া। এএফপি।