জাতিসংঘের ইয়েমেন শান্তিদূতের পদত্যাগ
ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের শান্তিদূত জামাল বেনোমার পদত্যাগ করেছেন। গত বুধবার জাতিসংঘের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও রয়টার্সের।
জামাল বেনোমার সংঘাতপূর্ণ ইয়েমেনে তাঁর মিশনের ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর সমর্থন হারানোর পর পদত্যাগ করলেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে ২০১২ সাল থেকে ইয়েমেনে নিযুক্ত ছিলেন মরক্কোর কূটনীতিক জামাল বেনোমার।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত মঙ্গলবার ইয়েমেনে সংঘাতের অবসানে দ্রুত শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানানোর ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করে। এর পরই বেনোমারের পদত্যাগের খবর এল।
ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রা রোধ করতে গত ২৬ মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বিমান হামলার শুরু করে। তখন থেকে দরিদ্র এ আরব দেশটিতে সংঘাতের মাত্রা বেড়ে গেছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে জামাল বেনোমার শান্তি আলোচনার নামে ‘প্রতারণা’ করেন বলে অভিযোগ করেছে উপসাগরীয় দেশগুলো।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা এএফপিকে বলেন, জামাল বেনোমারের স্থলাভিষিক্ত হতে পারেন—এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল শেইখ আহমেদ।
এদিকে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট এখনো ইয়েমেনে স্থলসেনা পাঠাবে না বলে আশা প্রকাশ করেছেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট খালিদ বাহাহ। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
আরব দেশগুলোর সামরিক মহড়ার তোড়জোড় এ ধারণার জন্ম দিয়েছে যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে স্থল অভিযান চালানোর কথা বিবেচনা করছে। তবে বাহাহ বলেন, ‘আমরা এখনো আশা করি, বিমান হামলার সঙ্গে সৌদি আরবকে স্থল অভিযান চালাতে হবে না।’ বাহাহ ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে তাঁদের নির্বাসিত ‘বৈধ’ সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, যেকোনো শান্তিমূলক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই অস্ত্রবিরতি প্রয়োজন।