জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা, নিরপেক্ষ তদন্তের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের নৌবাহিনীর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও নৌবহরে থাকা সাহায্যকর্মীদের মুক্তি দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।গত সোমবার আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজার বাসিন্দাদের জন্য ত্রাণবাহী ছয়টি জাহাজের একটি বহরে হামলা চালায় ইসরায়েলি কমান্ডোরা। হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল টেন জানায়, ইসরায়েলি সেনাদের গুলিতে ১৯ জন সাহায্যকর্মী নিহত হয়েছেন। তবে পরে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, নিহতের সংখ্যা নয়জন। নিহতদের বেশির ভাগ তুরস্কের নাগরিক। এ ঘটনায় তুরস্কসহ সারা বিশ্ব তীব্র নিন্দা জানায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু বলেন, ইসরায়েল রাষ্ট্র এই খুন করেছে। সোমবার ইসরায়েল ওই নৌবহরটি আশদোদ বন্দরে নিয়ে যায় এবং নৌবহরে থাকা সাহায্যকর্মীদের আটক করে।ইসরায়েলি সেনাদের এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করা হয়। কূটনীতিকেরা জানান, ১২ ঘণ্টার দীর্ঘ বৈঠকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা কিছুটা মুখোমুখি অবস্থানে চলে যান। তুরস্ক এই ঘটনায় তীব্র ও সুনির্দিষ্ট নিন্দা প্রস্তাব গ্রহণের এবং জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তবে বৈঠক শেষে পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘এ ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তদন্তের আহ্বানের বিষয়টি আমলে নিয়েছে নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী একটি দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানাচ্ছে।’বিবৃতিতে স্বাধীন তদন্তের বিষয়টি বাদ পড়ে। কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্তৃপক্ষের অধীনে তদন্তকে সমর্থন জানিয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী উপরাষ্ট্রদূত আলেহান্দ্রো উলফ বলেন, ‘আমাদের পূর্ণ আস্থা আছে—একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত করতে পারবে ইসরায়েল।’নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইসরায়েলের হাতে আটক সাহায্যকর্মীদের তাৎক্ষণিক মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ‘নৌবহরের সব জাহাজ এবং তাতে থাকা বেসামরিক নাগরিকদের তাৎক্ষণিক মুক্তি ও সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে ওই সব সাহায্যকর্মীর যোগাযোগের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছে নিরাপত্তা পরিষদ। পাশাপাশি নৌবহরের ত্রাণসামগ্রীগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যও ইসরায়েলি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।’ এর আগে দেশটির সরকারি বেতার মাধ্যমে জানানো হয়, সে দেশের সরকার সাহায্যকর্মীদের মধ্যে ৪৮০ জনকে আটকে রাখবে এবং ৪৮ জনকে বহিষ্কার করবে। আহত ৪৫ জন সাহায্যকর্মীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের বেশির ভাগই তুর্কি।এ ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। গাজার জনগণের জন্য প্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ এবং সেখানে অব্যাহত মানবিক-সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানই সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এমন একসময় এই ঘটনা ঘটল, যখন দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের প্রায় সবাই আলাদাভাবে এই ঘটনার নিন্দা জানায়। ব্রিটেনের দূত মার্ক লিয়াল গ্র্যান্ট বলেন, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এটা এখন যেকোনো সময়ের চেয়ে পরিষ্কার গাজার ওপর থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে হবে। বর্তমান অবরোধ অগ্রহণযোগ্য ও নিষ্ফলা।’ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স, চীন ও রাশিয়াও গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।তবে হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই সহিংস ঘটনায় খুবই বিব্রত এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করছে। ঘটনাটি খতিয়ে দেখছে তারা। এদিকে গতকালের নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করে দেশে ফিরেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, গাজাবাসীর জন্য পাঠানো সব ত্রাণবাহী জাহাজ আটকে দেবে তারা। গাজায় ত্রাণবাহী নৌবহর পাঠানোর উদ্যোক্তা সংস্থা ফ্রি গাজা মুভমেন্টের ঘোষণার জবাবে এই সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এর আগে ফ্রি গাজা মুভমেন্ট জানায়, রক্তাক্ত ঘটনার পরও তারা আরও ত্রাণবাহী জাহাজ সেখানে পাঠাবে। গতকাল সিঙ্গাপুরে বাণিজ্যবিষয়ক নিয়মিত এক বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইসরায়েলি সেনাদের এই সহিংস হামলার তীব্র নিন্দা জানাই আমরা।’ তাঁরা গাজা থেকে ইসরায়েলের অবরোধ তুলে নেওয়া ও আটক সাহায্যকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান।ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দাবি করেছেন, ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম শহরে এক সমাবেশে আহমাদিনেজাদ বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, ইসরায়েল গাজায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে।’ এএফপি ও বিবিসি।