জাতিসংঘের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধের জন্য গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আরব লিগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিদ্রোহীদের সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)।চলতি সপ্তাহে এসএনসি পার্বত্য জাওয়িইয়াহ, ইদলিব ও হোমসে সরকারি হত্যাযজ্ঞের প্রতিটি ঘটনা আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রক্তক্ষয়ী এই হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানাতে এবং সিরিয়ার বেসামরিক মানুষকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জাতিসংঘকে সহায়তা করতে জরুরি বৈঠক ডাকার জন্য আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে এসএনসি।লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত মঙ্গলবার বাশার আল-আসাদের অনুগত বাহিনী ১২৩ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে অধিকাংশ মানুষই ইদলিব প্রদেশে নিহত হয়েছে। হোমসে নিহত হয়েছে ১২ জন।সিরিয়ান অবজারভেটরি আরও জানায়, মঙ্গলবার ইদলিবে স্বপক্ষ ত্যাগকারী অন্তত ১০০ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে বাশারের অনুগত নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছেন।এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের কুসায়ের নামক জায়গায় ‘সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠীর’ সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে এ ঘটনায় সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।গত সোমবার সিরিয়াজুড়ে ৩৭ জন বেসামরিক মানুষ এবং শুধু ইদলিব প্রদেশে অন্তত ৭০ জন স্বপক্ষ ত্যাগকারী সেনাসদস্যকে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানায়। গত জুলাই মাসের শেষ দিকে হামা শহরে নিরাপত্তা বাহিনীর একটি দমন অভিযানে ১৩৯ জনের প্রাণহানি হয়।আরব লিগের একটি পরিকল্পনায় দামেস্ক সম্মত হওয়ার পর আজ বৃহস্পতিবার আঞ্চলিক জোটের একটি অগ্রবর্তী প্রতিনিধিদলের সিরিয়ায় পর্যবেক্ষণে যাওয়ার কথা। সোমবার আরব লিগের এই পরিকল্পনায় দামেস্ক সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর থেকে সিরিয়াজুড়ে বাশারের অনুগত বাহিনী হত্যাযজ্ঞ শুরু করে।আরব লিগ গত নভেম্বরে সিরিয়ায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিনিধিদল পাঠানোর পদক্ষেপ নেয়। এই পরিকল্পনার মধ্যে রয়েছে সহিংসতা বন্ধ করা, বন্দীদের মুক্তি এবং শহর ও আবাসিক এলাকা থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা। তবে পরিকল্পনা অনুসারে কাজ না করায় দামেস্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘকে চাপ প্রয়োগ করে আসা পশ্চিমা দেশগুলো বা বিদ্রোহীদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে সিরিয়া। এএফপি।