সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাশার আল-আসাদের সরকারকে বাধ্য করতে জাতিসংঘের প্রস্তাব ‘কঠোর ও বাধ্যতামূলক’ হতে হবে বলে একমত হয়েছে তিন বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। গতকাল সোমবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বৈঠকের পর এ ব্যাপারে একমত হন।
এর আগে জেনেভা রূপরেখাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, এর সঙ্গে ‘বিকল্প’ হিসেবে শক্তি প্রয়োগের বিষয়টিও বহাল রয়েছে। রূপরেখাকে সিরিয়া সরকারও স্বাগত জানিয়েছে।
সিরিয়া-সংকট নিয়ে আলোচনা করতে গতকাল প্যারিসে পৌঁছান কেরি। সেখানে তিনি ওলাঁদ ও হেগের সঙ্গে বৈঠক করেন। ওলাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বৈঠকে তিন দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মাধ্যমে জেনেভা রূপরেখা পুরোপুরি ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার করে। পাশাপাশি জাতিসংঘের প্রস্তাবের বিষয়েও একমত হয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, ‘জাতিসংঘের প্রস্তাব কঠোর, শক্তিশালী ও সংক্ষিপ্ত সময় নির্ধারণ করে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তিন নেতা।’
ওই বৈঠকের পর প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস বলেন, ‘আমরা নিরাপত্তা পরিষদে কঠোর প্রস্তাব উত্থাপন করতে চাই। ওই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের মাধ্যমে সিরিয়াকে নিরস্ত্র করা এবং জেনেভা রূপরেখা বাস্তবায়নে সিরিয়া ব্যর্থ হলে চরম পরিণতির কথা উল্লেখ থাকতে হবে। সর্বোপরি ওই প্রস্তাবের মাধ্যমে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারকারীকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, জাতিসংঘের ওই প্রস্তাবে ‘শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়ানুবর্তিতার’ কথা উল্লেখ থাকতে হবে। কেরি আরও বলেন, ‘প্রেসিডেন্ট বাশার যদি মনে করেন, এই রূপরেখা বাস্তবায়ন করতে হবে না কিংবা আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিইনি, তাহলে ওই রূপরেখা নিয়ে সিরিয়া খেলা শুরু করবে।’
কেরি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা নিরাপত্তা পরিষদের স্থায়ী তিন সদস্যরাষ্ট্র আজ এখানে মতৈক্যে পৌঁছাতে সক্ষম হয়েছি।’ তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সিরিয়ায় সামরিক শক্তি প্রয়োগের ব্যাপারে রাশিয়াসহ অন্যরা সম্মতির কথা জানিয়েছে।
এর আগে রূপরেখা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো প্রেসিডেন্ট ওলাঁদও সিরিয়ার সরকারকে হুঁশিয়ার করে দেন। গত রোববার ওলাঁদ বলেন, ‘সিরিয়া-সংকট সমাধানে জেনেভা রূপরেখা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সামরিক শক্তি প্রয়োগের বিকল্প অবশ্যই খোলা রয়েছে। এ ছাড়া সিরিয়ার ওপর কোনো ধরনের চাপ বজায় থাকবে না।’
ওলাঁদ বলেন, ভবিষ্যতে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার ও জিহাদি গোষ্ঠীগুলোর কোনো স্থান হবে না। গত শনিবার ওবামা হুঁশিয়ার করে দিয়ে বলেন, রূপরেখা বাস্তবায়ন না করলে সিরিয়ার সরকারকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
জেনেভা রূপরেখা প্রকাশের এক দিন পর সিরিয়ার মন্ত্রী আলী হায়দার একে স্বাগত জানিয়েছেন। এই রূপরেখাকে দামেস্কের ‘জয়’ বলে আখ্যা দেন তিনি। আলী হায়দার বলেন, এই রূপরেখা একদিকে সিরিয়াকে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে, অন্যদিকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ এড়াতে ভূমিকা রাখবে। এএফপি, বিবিসি ও রয়টার্স।