সিরিয়ায় প্রায় ১৪ মাস ধরে চলা সহিংসতা বন্ধে জাতিসংঘের প্রস্তাবিত শান্তিপ্রক্রিয়াকে নস্যাৎ করতে চায় সরকার। সে দেশের বিরোধী দলের নেতা বুরহান ঘালিউন গতকাল শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে গণমাধ্যমের কর্মীদের এ কথা বলেন।ঘালিউন বলেন, ‘সরকার এখন জাতিসংঘ দূত কফি আনানের শান্তিপ্রক্রিয়া নস্যাতের চেষ্টা চালাচ্ছে এবং সন্ত্রাসের নতুন কৌশল গ্রহণ করেছে।’ সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত ও অন্তত ৪০০ জন আহত হওয়ার একদিন পর ঘালিউন এ কথা বললেন।ঘালিউন অভিযোগ করেন, বৃহস্পতিবারের ভয়াবহ হামলায় সরকারি বাহিনীর হাত রয়েছে। সরকার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে। ভয়াবহ ওই বোমা হামলা এটাই প্রমাণ করে।ঘালিউন আরও বলেন, ‘আমাদের লক্ষ করতে হবে, কখন এই বোমা হামলা চালানো হলো। শহরগুলো থেকে যখন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক তখনই এ ধরনের ভয়ানক হামলা চালানো হলো। আমি মনে করি, এই দুটি ঘটনার মধ্যে যোগসাজশ রয়েছে।’জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতি শুরু হয়েছে গত ১২ এপ্রিল থেকে। কিন্তু অভিযোগ রয়েছে তা মানা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে মানুষ কাজে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ও হতাহতের এই ঘটনা অস্ত্রবিরতির প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দামেস্কের ওই হামলার নিন্দা জানিয়েছে। কফি আনানের বেঁধে দেওয়া ছয় দফা শান্তি পরিকল্পনার শর্ত মেনে চলতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এএফপি।