জাতিসংঘের সমালোচনা করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে গত মঙ্গলবার দেওয়া ভাষণে এ মনোভাব ব্যক্ত করেন ওবামা। তাঁর ভাষণের প্রায় পুরোটি জুড়েই ছিল সিরিয়া ও ইরানসহ মধ্যপ্রাচ্য প্রসঙ্গ।
জাতিসংঘের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দিয়ে ওবামা বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে চলমান বিতর্ক নিরসনে জাতিসংঘের সামর্থ্য প্রশ্নবিদ্ধ হয়েছে। নিরাপত্তা পরিষদকে এখন সিরিয়ার ব্যাপারে একটি জোরালো সিদ্ধান্ত নিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভাষণে বলেন, সিরিয়া গৃহযুদ্ধের শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৩৩ কোটি ৯০ লাখ ডলারের মানবিক সাহায্য দেবে।
আফ্রিকা প্রসঙ্গে ওবামা বলেন, বিশ্ব এখন পাঁচ বছর আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। তবে কেনিয়ায় সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে এখনো হুমকি রয়ে গেছে। আর মিসরের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।
যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে চালকবিহীন বিমানের (ড্রোন) ব্যবহার সীমিত করেছে উল্লেখ করে ওবামা দাবি করেন, ড্রোন হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার সংখ্যা খুবই কম।
ওবামা পাকিস্তানের পেশোয়ারে গির্জায় বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ব্যাপারে ইরানের তুলনামূলক উদার অবস্থানকে স্বাগত জানিয়েছেন ওবামা। তবে ব্যাপক প্রত্যাশা সত্ত্বেও ওবামা-রুহানি সাক্ষাৎ হয়নি। তাঁদের মধ্যে সৌজন্যমূলক করমর্দনের মতো ক্ষণিকের সান্নিধ্যও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত বলে মনে করা হয়। দুটি দেশের শীর্ষ নেতাদের মধ্যে গত ৩৬ বছরে কোনো সাক্ষাৎ হয়নি। এপি।