জাতিসংঘের 'বকবকানিতে' ক্লান্ত অস্ট্রেলিয়া: অ্যাবোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি অ্যাবোট
টনি অ্যাবোট

আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের সঙ্গে আচরণের ব্যাপারে জাতিসংঘের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট গতকাল সোমবার এ কথা বলেছেন।  খবর এএফপির।

অস্ট্রেলিয়ার হাতে আটক আশ্রয়প্রার্থীদের অধিকার কিছু কিছু ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে বলে জাতিসংঘের বিশেষ দূতের মন্তব্যের পর অ্যাবোট এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

নৌকায় করে অস্ট্রেলিয়ায় যাওয়া সব আশ্রয়প্রার্থীকে আটক করছে দেশটি। মানুস দ্বীপে তাঁদের আটক রাখা হচ্ছে। ওই আশ্রয়শিবিরের পরিস্থিতি নিয়ে সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।

গতকাল জাতিসংঘের মানবাধিকার পরিষদে সংস্থাটির দূতের নতুন ওই প্রতিবেদনটি দাখিল করার কথা। জাতিসংঘের বিশেষ দূত জুয়ান মেন্ডেজ দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়া আশ্রয়প্রার্থীদের প্রয়োজনীয় সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। আর এ কারণে আশ্রয়প্রার্থীদের নির্যাতন এবং নিষ্ঠুরতা থেকে মুক্ত থাকার যে অধিকার রয়েছে, অস্ট্রেলিয়া তা লঙ্ঘন করেছে। অস্ট্রেলিয়ার সরকার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের ওই প্রতিবেদনের ব্যাপারে প্রশ্ন করা হলে টনি অ্যাবোট সাংবাদিকদের বলেন, ‘প্রকৃতপক্ষে আমি মনে করি, জাতিসংঘের কথা শুনতে শুনতে অস্ট্রেলিয়ানরা ক্লান্ত হয়ে পড়েছে। বিশেষ করে যেখানে আমরা নৌকা থামিয়েছি এবং এর মাধ্যমে আমরা ডুবে মরার হাত থেকে মানুষকে বাঁচিয়েছি।’