কাশ্মীর বিষয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটি বলেছে, একমাত্র দ্বিপক্ষীয় ভিত্তিতেই কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে।
জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়িত্ব নেওয়ার পর থেকেই কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার কথা বলে আসছেন। এ লক্ষ্যে তিনি দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আলোচনা শুরুর কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক। ফারহান বলেছেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ চালু করতে দুই দেশের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা করতে পারেন গুতেরেস। তবে এ জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
কিন্তু ভারতীয় সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র বলেছে, ‘পাকিস্তানের সঙ্গে থাকা দ্বিপক্ষীয় সব ইস্যুর ক্ষেত্রে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’
পাকিস্তান বরাবরই কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আসছে। বিশেষ করে গত বছর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধ ও সহিংসতার পর থেকে এ দাবি আরও জোরদার করেছে দেশটি।