মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বাগো এলাকায় এক জনসমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করার সময় তিনি এ আহ্বান জানান।সু চি গত নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর গতকাল প্রথমবারের মতো ইয়াঙ্গুনের বাইরে রাজনৈতিক সফরে যান।ইয়াঙ্গুন থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাগো এলাকায় যাওয়ার পথে শত শত সমর্থক সড়কের দুই পাশে দাঁড়িয়ে সু চিকে অভিনন্দন জানায়। সমর্থকদের ভিড় সামাল দিয়ে পুলিশ সু চির গাড়িবহরের গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে। সমর্থকেরা সু চির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। কারও কারও হাতে ব্যানার দেখা যায়। কোনো কোনো ব্যানারে লেখা ছিল ‘আমরা মা সু চিকে ভালোবাসি’।বাগোয় পৌঁছে প্রথমে স্থানীয় একটি প্যাগোডায় যান সু চি। পরে থা নাট পিন এলাকার কাছে একটি গ্রন্থাগার উদ্বোধন করেন। সেখানেই উপস্থিত অন্তত ৬০০ সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন তিনি।শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি বলেন, ‘আমাদের দেশের উন্নতি তখনই হবে, যখন সবাই মিলে একসঙ্গে কাজ করব। একতাই শক্তি। সর্বত্রই একতা প্রয়োজন। আমাদের দেশের ক্ষেত্রে এটা আরও বেশি প্রয়োজন।’ তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ২০ বছর আগে যখন রাজনীতি শুরু করেন, তখন থেকেই এ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সু চি বলেন, ‘আমি যত দিন পারব, ঐক্যের চেষ্টা চালিয়ে যাব।’সু চি গতকাল সকালে ইয়াঙ্গুন থেকে অন্তত ৩০টি গাড়ির একটি বহরে বাগোর দিকে রওনা হন। সফরসঙ্গী হিসেবে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা, কূটনীতিক ও সাংবাদিকেরা তাঁর সঙ্গে ছিলেন।সু চির এ সফরে নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। কারণ, ২০০৩ সালে সু চির এমন এক সফরে হামলা চালানো হয়। ওই হামলায় দেশটির সামরিক জান্তার হাত ছিল বলে মনে করা হয়। হামলায় বেশ কয়েকজন নিহত হয়। ওই ঘটনার পরপরই সু চিকে গৃহবন্দী করা হয়। টানা সাত বছর পর গত নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান তিনি।বিশ্লেষকেরা বলছেন, এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। এরই মধ্যে সু চি ও সরকারের মধ্যে দুই দফায় বৈঠক হয়েছে। এতে দুই পক্ষই দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এএফপি, বিবিসি।