জাতীয় গ্রিডে যুক্ত হলো ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশটির জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। গতকাল রোববার ইরানের আণবিক শক্তি সংস্থা এ কথা জানিয়েছে।সংস্থার মুখপাত্র হামিদ খাদেম কায়েমি আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলামকে বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এটি জাতীয় গ্রিডে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। তবে এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা এক হাজার মেগাওয়াট। খাদেম কায়েমি বলেন, প্রকল্পটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ক্রমান্বয়ে এর উৎপাদনক্ষমতা বাড়বে। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান হবে এবং সেদিন ওই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন তার ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছাবে।ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরেইদুন আব্বাসি দাভানি বলেন, আগামী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে কেন্দ্রটির উৎপাদন এক হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। ইরানের দক্ষিণাঞ্চলে রাশিয়ার নির্মিত ওই বিদ্যুৎকেন্দ্রটি গত বছরই চালু হওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির জন্য সেটা বেশ কয়েকবার পিছিয়ে গেছে।গত মে মাসে বুশেহের প্রকল্পের পারমাণবিক চুল্লির বিদ্যুৎ উৎপাদন ইউনিট সীমিত পর্যায়ে কাজ শুরু করে। এ সময় ইসরায়েল ও আরও কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে জানায়, এই চুল্লি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে।১৯৭০ সালে জার্মান কোম্পানি সিমেন্স ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে। তবে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর পরমাণু বিস্তারের আশঙ্কায় সিমেন্স প্রকল্পটি বন্ধ করে দেয়। পরে ১৯৯৪ সালে রাশিয়া ওই প্রকল্পটির অসম্পূর্ণ কাজ শেষ করতে এবং এতে জ্বালানি সরবরাহ করতে ইরানের সঙ্গে একটি চুক্তি করে। এএফপি ও বিবিসি।