ইউরোপের পশ্চিমাঞ্চলে গত রোববার প্রচণ্ড ঝড়, জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাতে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এতে ১০ লাখেরও বেশি ঘরবাড়ির বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের পর জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে ফ্রান্স। ঝড়ের আঘাতে দেশটির আটলান্টিক উপকূলে ৪৫ জনের মৃত্যু হয়।গতকাল সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কো ফিলো জাতীয় দুর্যোগ ঘোষণা করার পর বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি সরকার ও দেশের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি আমি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দ্রুত তহবিল ছাড় করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গতকাল দুর্যোগকবলিত উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক বাজেট থেকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। রোববার বন্ধ থাকার পর গতকাল প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর আবার খুলে দেওয়া হয়েছে।সিনথিয়া নামের আটলান্টিক ঝড়টি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের উপকূলে আঘাত হানে। এ ছাড়া জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের প্রভাবে ফ্রান্সের পশ্চিম উপকূলীয় এলাকায় বন্যা দেখা দেয়। দেশটির জাতীয় বিদ্যুত্ কোম্পানি ইডিএফ জানায়, রোববার তাদের কয়েক লাখ গ্রাহকের বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুত্-ব্যবস্থা পুরোপুরি ঠিক করতে কয়েক দিন সময় লাগবে।এদিকে জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়ে গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত ও তাঁর স্ত্রী আহত হন। একই কারণে দেশটির ফ্রাঙ্কফুর্টে ও বেরঘাইম শহরে এবং বেলজিয়ামে তিনজনের মৃত্যু হয়েছে। স্পেনের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বার্গোসের কাছে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় দুজন এবং গালিসিয়ায় দেয়ালে চাপা পড়ে এক নারী মারা গেছেন। পর্তুগালে গাছের ডাল ভেঙে পড়ে এক বালকের মৃত্যু হয়। দেশটির উত্তরাঞ্চলীয় শহর পর্তো ও ভিলা নোভা দে গেইয়ায় বন্যা দেখা দিয়েছে। বিবিসি, এএফপি।