জাতীয় সংগীতের তামিল সংস্করণ বিলুপ্তির খবর অস্বীকার
জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত করার পরিকল্পনার খবর অস্বীকার করেছে শ্রীলঙ্কা সরকার। এর আগে সরকারের কথিত ওই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় সে দেশের প্রধান তামিল রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স। দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে তামিল অধ্যুষিত এলাকায় জাতীয় সংগীতের তামিল সংস্করণ গাওয়া হয়। শ্রীলঙ্কার লোক প্রশাসনবিষয়ক মন্ত্রী জন সেনেভিরত্নে জানান, জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ চালু থাকবে। গত রোববার শ্রীলঙ্কার সানডে টাইমস পত্রিকার একটি খবরে বলা হয়, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের মন্ত্রিসভা শ্রীলঙ্কার জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।শিল্পমন্ত্রী ডগলাস দেবানন্দ জানান, তামিল ভাষার জাতীয় সংগীত বিলুপ্ত করার বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এএফপি।