জাতীয় সংস্কার কাউন্সিলের ঘোষণা দিলেন ইংলাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

চলমান রাজনৈতিক সংকট নিরসনের উদ্দেশ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল বুধবার ‘জাতীয় সংস্কার কাউন্সিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম সাধারণ নির্বাচনের পাশাপাশি এ কাউন্সিল গঠন করা হবে। তবে ইংলাকের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের নেতা সুথেপ থগসুবান তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইংলাক বলেন, এখন সময় একটি পদ্ধতি তৈরি করা, যা দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে এবং জাতীয় সংস্কার ত্বরান্বিত করবে। এ লক্ষ্য পূরণে ওই কাউন্সিল সংবিধান সংশোধন, অর্থনৈতিক ও আইনি সংস্কার এবং দুর্নীতি রোধের বিষয়ে সুপারিশমালা তৈরি করবে। সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ থগসুবান প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘আগে চাই সংস্কার। এরপর নির্বাচন।’ আন্দোলনের মুখপাত্র আকানাত প্রমফান বলেন, সংস্কারের বিষয়ে ইংলাক মোটেও আন্তরিক নন। প্রধানমন্ত্রীর ত্যাগ ও উদারতার পরিচয় দেওয়া উচিত। তাঁর উচিত পদত্যাগ করে সংস্কারকাজ শুরুর সুযোগ দেওয়া।
ইংলাক সরকারের পদত্যাগ ও একটি অনির্বাচিত গণপরিষদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কয়েক সপ্তাহ ধরে রাজধানী ব্যাংককে হাজারো মানুষ বিক্ষোভ করছে।
এদিকে বিরোধীদের প্রতিহত করতে গতকাল ইংলাকের মন্ত্রিসভা বিশেষ নিরাপত্তা আইনের মেয়াদ আরও দুই মাসের জন্য বাড়িয়েছে। ওই আইনে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে পারবে। এএফপি।