জাতীয় স্বার্থের দোহাই দিয়ে সেনা কর্মকর্তারা বিশ্বাসঘাতকতা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) ১৯৯০ সালের নির্বাচনে ঠেকাতে প্রতিপক্ষের রাজনীতিকদের মধ্যে ১৪৮ কোটি রুপি ঢেলেছিল পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই অর্থ ঢালা হয়েছিল ‘জাতীয় স্বার্থ’-এর কথা বলে। তবে এর সঙ্গে জড়িত বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পরবর্তী সময়ে বিশ্বাসঘাতকতা করেন সামরিক কর্মকর্তারা।প্রকৃতপক্ষে পাকিস্তানের সবচেয়ে খ্যাতনামা হাবিব ব্যাংক লিমিটেড মেহরান ব্যাংকের (বর্তমানে বিলুপ্ত) সাবেক প্রধান ইউনুস হাবিবের মাধ্যমে ওই অর্থ ছাড় করে। ব্যাংকটি এখনো ইউনুস হাবিবের কাছ থেকে ওই অর্থ উদ্ধারের চেষ্টা করছে। সম্প্রতি পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) ইউনুস হাবিবকে ওই অর্থ ফেরত দিতে তিন বছর সময় দিয়েছে। ১৯৯০ সালে হাবিব ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইউনুস হাবিব। তখন ব্যাংকটি সরকারের মালিকানাধীন ছিল। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট গুলাম ইসাহাক খান অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে হাবিব ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে একটি বার্তা পাঠান। তাতে বলা হয়, ইউনুস হাবিব খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন এবং তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা অবশ্যই যেন অর্থ ছাড় করে দেন।এই বার্তা পাওয়ার পর হাবিব ব্যাংক ইউনুস হাবিবের মালিকানাধীন একটি কোম্পানির নামে ১৪৮ কোটি রুপি ছাড় করে দেয়। তবে তখনো তিনি জানতেন না এই অর্থই একদিন তাঁর গলার ফাঁস হবে। জাতীয় স্বার্থের নামে আইএসআইয়ের খেলায় অংশ নিয়ে তিনি কুখ্যাত লোক হিসেবে বিবেচিত হবেন।ইউনুস হাবিব বলেন, দেশের প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নির্দেশনায় জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করতে গিয়ে তাঁকে এখন চরম মূল্য দিতে হচ্ছে। এই প্রতিবেদককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাজনীতিকদের ঘুষ দেওয়ার জন্য আমি আইএসআইকে ৪০ কোটি রুপি দিয়েছি। কিছু অর্থ দেওয়া হয় সেনাকল্যাণ তহবিলে এবং বাকিটা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়।’ সাক্ষাৎকারে ইউনুস হাবিব দাবি করেন, সাংবাদিকদের মধ্যে কী পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছিল বা কারা বিতরণ করেছিল, তা তিনি জানেন না। কারণ, কাজটা মূলত আইএসআয়ের মাধ্যমে করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশের রাজনীতিক খালেদা জিয়াকে কারা অর্থ পাঠিয়েছিল, সে বিষয়েও তিনি অবগত নন। তিনি মাত্র কয়েকজন রাজনীতিকের নাম উল্লেখ করেন, যাঁরা সরাসরি তাঁর কাছ থেকে অর্থ নিয়েছিলেন। এর মধ্যে নওয়াজ শরিফ ও তাঁর ভাই শাহবাজ শরিফ আছেন। তবে দুজনই ইউনুস হাবিবের দাবি অস্বীকার করেছেন।ইউনুস হাবিব জানিয়েছেন, ওই ঘটনার ২২ বছর পর আজ তাঁকে বিরাট খেসারত দিতে হচ্ছে। ১৯৯০ সালে তিনি ১৪৮ কোটি রুপি নিলেও এখন তাঁকে ফেরত দিতে হচ্ছে ৩০০ কোটি রুপি। তিনি দাবি করেন, এরই মধ্যে ১৮৫ কোটি রুপি পরিশোধ করা হয়ে গেছে।ইউনুস হাবিব বলেন, ১৯৯০ সালের ওই নোংরা খেলার সঙ্গে জড়িত অসংখ্য ব্যক্তির নাম প্রকাশ করে দিয়ে তিনি ঘটনাটিকে আরও জটিল করে তুলতে পারেন, তবে তিনি তা করবেন না। ওই অর্থ করাচির কিছু ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করা হয় বলে আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানির দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ইউনুস হাবিব মৃদু হেসে বলেন, ‘যদি সেটা এভাবেই আসবে, তবে আজ আমি কেন এই গভীর সংকটে?’ তিনি বলেন, ‘আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। আমার পরিবারের জন্য আমি সমস্যা তৈরি করতে চাই না।’ তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক, আমলা ও সেনা কর্মকর্তা তাঁদের স্বার্থে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে, জাতীয় স্বার্থের দোহাই দিয়ে সেটা করা হয়েছে।