জাদুতে ফল পাল্টে দিতে পারেন পিসি সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত জাদুকর পিসি সরকার (জুনিয়র) এবার ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ছিলেন। আজ শুক্রবার ভোট গণনা হবে। গণনাকেন্দ্রে অন্যান্য প্রার্থীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন পিসি সরকার।
তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে, ভোট গণনার সময় তিনি জাদুর মাধ্যমে ভোটের ফলাফল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারেন৷ এই আশঙ্কায় তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে গত বুধবার বিকেলে একটি অভিযোগ জমা দেওয়া হয়। এতে পিসি সরকারের ওপর নজরদারি করার দাবি জানিয়ে তৃণমূল বলেছে, পিসি সরকার যেন কোনোভাবেই ভোটকেন্দ্রে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারেন।
উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসক ওঙ্কার সিং মিনা জানান, এভাবে কোনো প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢোকার ব্যাপারে আটকানো যায় না। নির্বাচন কমিশনের কাছ থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা এলে কেবল তিনি ব্যবস্থা নিতে পারেন৷ একটি সূত্র বলছে, পিসি সরকারের ওপর নজরদারি করতে অন্য কোনো জাদুকরকে পর্যবেক্ষক হিসেবে রাখা যায় কি না, সেটি চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন।